২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী ও দীর্ঘস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত জাতীয় সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে স্থায়ী ও দীর্ঘস্থায়ী পরিবার পরিকল্পনার পদ্ধতি সংক্রান্ত একটি জাতীয় সেমিনার মঙ্গলবার ঢাকাস্থ আইডিবি ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রামের লাইন ডিরেক্টর ড. মির্জা এএইচএম বারেকের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এনজেন্ডার হেল্থ, বাংলাদেশ এর কান্ট্রি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে জন প্রতি মহিলার সন্তান সংখ্যা ১৯৭৫ সালে ছিলো ৬ দশমিক ৩ । ১৯৯৩-৯৪ সালে তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৩। ২০০৪ সালে এ সংখ্যা ৩ এ এসে ঠেকেছে। তারপরও আশানুরূপ হারে সন্তান সংখ্যা কমেনি বলে মূল প্রবন্ধে বলা হয়েছে। ড. বারেক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে আরো বলা হয়, ২০১০ সালের মধ্যে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা ২ দশমিক ২ অর্জন করতে স্থায়ী ও দীর্ঘস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা উচিত। আর তাই টিবেকটমি, ভেসেকটমি, আইইউডি ও কন্ট্রাসেপটিভ ইমপ্লান্টের মতো পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। 

প্রধান অতিথির ভাষণে এমওএইচঅ্যান্ডএফডব্লিউ এর সেক্রেটারি এএফএম সারওয়ার কামাল বলেন, মা ও সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও জনসংখ্যার উর্ধ্বগতি রোধ করতে পরিবার পরিকল্পনা অতীব জরুরি। পরিবার পরিকল্পনা সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারনা প্রচলিত আছে, তা দূরীভূত করা এবং স্থায়ী ও দীর্ঘস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে প্রভাবিত করতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফপি ডিরেক্টর জেনারেল এমএ আকমাল হোসেন আজাদ।

সেমিনারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩০০ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, উন্নয়নমূলক সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।