বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতি জেলায় ৫০ মে.টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ
চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার জন্য ৫০ মে.টন চাল ও এক লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগ বিষয়ে পূর্বপ্রস্তুতির জন্যে বুধবার সচিবালয়ের মন্ত্রীপরিষদ সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক জরুরি বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ কথা জানান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, অধিদপ্তর ও দপ্তরসমূহের প্রধান, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, রেডক্রিসেন্ট, স্পার্সো, আবহাওয়া, ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচি’র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ফজলুর রহমান মূল কার্যপত্র উপস্থাপন করেন।
বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে পূর্ব প্রস্তুতি ও করণীয় কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বন্যায় পানিবন্দি লোকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধার নৌযান সচল রাখা এবং পানির তোড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন বাধ, বেড়িবাধ, ব্রিজ-কালভার্ট রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বেতার, টেলিভিশনে গণসচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বন্যাদুর্গত জেলা ও উপজেলায় আশ্রয়কেন্দ্র নির্দিষ্ট করা, পানিবাহিত রোগ নিয়ন্ত্রণ, ওষুধ সরবরাহ ও সেনিটেশনের ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
