যৌতুকের কারণে নিহত ক্যামেলিয়ার স্বামী ও ভাসুরের জামিন বাতিল
যৌতুকের কারণে নিহত মিরপুরের বড়বাগ এলাকার গৃহবধূ ক্যামেলিয়ার স্বামী মনির ও ভাসুর আকতারের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
ক্যামেলিয়া নিহত হওয়ার তিন বছর আগে তার মায়ের দায়ের করা যৌতুক ও মারধরের মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫এ মঙ্গলবার হাজিরা দিতে এলে এ মামলায় তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। এতে বলা হয়, ক্যামেলিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ক্যামিলয়ার স্বামী, ভাসুর, ননদ, মিরপুর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা, ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের একজন ডাক্তারের বিরুদ্ধে ১৭ জুলাই হত্যা, আলামত গোপন, মিথ্যা পোস্টমর্টেম রিপোর্ট দাখিলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে আবেদনে বলা হয়, এ মামলায় ক্যামেলিয়ার লাশ পুন:ময়না তদন্ত ও ঢাকার পুলিশ কমিশনারকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতনের এ মামলাটিতে অভিযুক্তদের জামিন বাতিল করা হোক।
যৌতুকের দাবিতে মারধরের এ মামলায় মঙ্গলবার ঢাকায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫এ অভিযুক্ত অপর ভাসুর শাহরিয়ার এবং ননদ পারভীনের বিরুদ্ধেও জামিন বাতিলের দরখাস্ত দেওয়া হয়। তবে তাদের অনুপস্থিতিতে তাদের আইনজীবীরা হাজিরার ব্যাপারে সময় প্রার্থনা করেন।
বিচারক শামসুল আরেফিন এ অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে এ আদালতে হাজির করে দেওয়ার জন্যে তাদের আইনজীবীকে নির্দেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে তাদের আইনজীবী মোকশেদ আলী ১৫ দিনের মধ্যে হাজির করে দেবেন বলে একটি মুচলেকা দেন।
২০০২ সালের ২২ মে এক লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের জন্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মা হালিমা বেগম মামলা করেন।
এ মামলা বিচারাধীন থাকা অবস্থায় শ্বশুর বাড়ির লোকজন আপোসের কথা বলে নিয়ে গিয়ে ক্যামেলিয়াকে হত্যা করে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করে। তারা অপমৃত্যুর মামলাও করেন।
