নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় বিদ্যুতের খুঁটি ৪০ ফুট থেকে কমিয়ে ২৫ ফুট করার অনুরোধ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিকুঞ্জ-১ আবাসিক এলাকার ৪০ ফুট উঁচু বিদ্যুতের খুটি সরিয়ে সকল বিদ্যুতের খুঁটি ২৫ ফুটে সীমিত রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসা)।
নিকুঞ্জ-১ আবাসিক এলাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হওয়ায় বিমান উড্ডয়ন ও অবতরণ নির্বিঘ্ন রাখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সুপারিশক্রমেই ভবনের উচ্চতা সর্বোচ্চ ২৫ ফুটে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী শহীদ আলম বলেছেন, আমরা চিঠি লিখেছি, এখনও জবাব পাইনি। আশা করছি এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই নেবে ডেসা ।
নিকুঞ্জ-১ আবাসিক এলাকার নীতিমালায় বলা হয়েছে , ওই এলাকায় নির্মিত ভবনের সর্বোচ্চ উচ্চতা হবে ২৫ ফুট। তবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য ইতোমধ্যেই ডেসা কর্তৃক স্থাপিত বিদ্যুতের খুঁটির উঁচ্চতা হচ্ছে ৪০ ফুট। এ নিয়ে সৃষ্ট সমস্যার প্রেক্ষিতে রাজউক উক্ত অনুরোধ জানিয়েছে।
গত ২৯ জুন প্রকৌশলী শহীদ আলম এক পত্রে ডেসার চেয়ারম্যানকে বলেন, নিকুঞ্জ আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজটি ডেসা কর্তৃক ডিপোজিট ওয়ার্ক হিসেবে করা হয়েছে।
ডেসার পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। ডেসার একটি সুত্র জানিয়েছে, তাদের কাছে বিদ্যুতের যে খুঁটি রয়েছে তা সবগুলোই ৪০ ফুট উচ্চতার। এটি কমিয়ে আনতে নতুন খুঁটি তৈরি করতে হবে অথবা কেটে ফেলতে হবে। বিষয়টি একটু সময় সাপেক্ষ ব্যাপার।
