মায়ানমার থেকে এশিয়াতে এইডস বিস্তার লাভ করছে: রিপোর্ট
এশিয়ার বিভিন্ন অঞ্চলে এইডস বিস্তারের জন্য মায়ানমারের হেরোইনসেবী এবং পতিতারাই দায়ি বলে জাতিসংঘের পররাষ্ট্র সর্ম্পক বিষয়ক পরিষদের এক সমীক্ষায় জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রিপোর্ট প্রদানকারী লোরি গারেট বলেন, ভারতের মণিপুর রাজ্য থেকে ভিয়েতনামের সর্বত্র, মধ্য চীন থেকে ইন্দোনেশিয়া-এশিয়ার প্রতিটি দেশেই এখন এইচআইভি সংক্রমিত হচ্ছে মায়ানমার থেকে। সমীক্ষায় দেখা গেছে, চারটি পথে এইচআইভি সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়ছে আর সবগুলোর উৎসস্থল হচ্ছে মায়ানমার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২০০৩ সাল পর্যন্ত মায়ানমারের পতিতা ও হেরোইনসেবীদের মধ্যে সবচেয়ে বেশি এইচআইভি সংক্রমিত হতে দেখা যায়। রিপোর্টে বলা হয়, মায়ানমার একটি ব্যর্থ রাষ্ট্র, গৃহযুদ্ধে জর্জরিত এবং বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলো মাদক, মণিরত্ন এবং যৌনদাসী পাচারের সাথে জড়িত।
রিপোর্টে উল্লেখ করা হয়, এ অঞ্চলে ১৯৯৬-৯৭ সাল থেকে ড্রাগ ব্যবহারকারীদের ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমিত হয়ে আসছে।
গারেট বলেন, এক বছর আগে ভারত অভিযোগ করেছিল যে, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী পাঁচমিশেলী সশস্ত্র সন্ত্রাসীরাই কাশ্মীরে এইডস ছড়াচ্ছে। এইচআইভি আক্রান্তদের গতিরোধ করে এবং গমনাগমনে বিধিনিষেধ আরোপ করেই এর প্রতিরোধ কিছুটা সম্ভব বলে তিনি রিপোর্টে উল্লেখ করেন।
