২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের আন্দোলনের মুখে ঢাবি’র ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাসরিন আহমাদ ছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, সোমবার সকালে দেশে ফিরে দুপুরে অধ্যাপক নাসরিন আহমাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

তবে নাসরিন আহমাদ বিডিনিউজকে জানিয়েছেন, অপমানজনক পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় বিধায় তিনি রোববার বিকেল সাড়ে পাঁচটায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

হল পরিচালানায় অব্যবস্থাপনা এবং ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হলের আবাসিক ছাত্রীরা রোববার রাত থেকে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষকে টিভি রুমে অবরুদ্ধ করে রেখেছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে বিরোধী দল সমর্থিত নীল গ্রুপের সদস্য নাসরিন আহমাদ অভিযোগ করেন, কোন কোন মহল থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে মদদ যোগানো হচ্ছে। তিনি আরও বলেন, আমি জানি না ছাত্রীদের পেছনে কে কাজ করছে। তবে আমি নিশ্চিত তাদের পেছনে শক্তিশালী মহল আছে।

হলের চরম অব্যবস্থাপনার সমাধানের দাবিতে ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা রোববার রাতে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শামীমা নাসরিন শাহেদকে টিভি রুমে আবদ্ধ করে রাখে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারি প্রক্টর ফাতেমা বেগম ও হলের আবাসিক শিক্ষকদেরও অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা।

রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার এবং ভারপ্রাপ্ত প্রক্টর সিদ্দিকুর রহমান খান ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষসহ অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে চেষ্ঠা চালান। কিন্তু ছাত্রীরা প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অটল থাকলে তাদের এ প্রচেষ্টা সফল হয়নি।

সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। কিন্তু এতেও কোন সমাধান হয়নি। অবশেষে দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে গিয়ে ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা অবরুদ্ধদের মুক্ত করে দেয়।

উপাচার্য সাংবাদিকদের বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাধ্যক্ষকে অপসারণ করেনি। তিনি নিজেই পদত্যাগ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এ প্রসঙ্গে বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে যদি প্রশাসনিক রীতি অনুসরণ না করে, তাহলে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আরও ঘটতে পারে। তিনি আরও বলেন, কোন প্রাধ্যক্ষ যদি হল পরিচালনায় ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে।