চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে তিনটি ট্রেন লাইনচ্যুত, যাত্রী দুর্ভোগ
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে সোমবার তিনটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ ছিলো। এ কারণে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে।
সূত্র জানায়, ভোর চারটায় খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেসের একটি মালগাড়ি আমনুরা জংশনের কাছে লাইনচ্যুত হয়ে তিন ঘন্টা আটকে থাকে। এরপর সকাল সাড়ে সাতটায় একটি লোকাল ট্রেন আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে থাকে তিন ঘন্টা।
পরের লানচ্যুতির ঘটনাটি ঘটে রহনপুর রেল ষ্টেশনে দুপুর সাড়ে ১২টার দিকে। স্টেশন মাস্টার ফজলুল হক জানান ৫৮২ নম্বর যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় তিন নম্বর পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন উঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছূক একজন রেল কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রেলপথ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপুযুক্ত হয়ে রয়েছে।
