দেশে কোনও ডলার সংকট নেই: খুলনায় বাংলাদেশ ব্যাংক গর্ভনর
দেশে কোনও ডলার সংকট নেই। কিছু ব্যাংক অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এলসি খুলে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, আর এ কারণে দেশের ১১টি ব্যাংককে সতর্ক করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ খুলনায় বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সোমবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো গড়ে তোলা দরকার। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে একটি আন্তর্জাতিক মানের ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ডলার সংকট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কিছু ব্যাংক তাদের দায় দেনা ও সম্পদের হিসাব না করেই এলসি খোলায় উৎসাহী হওয়ায় কৃত্রিম ডলার সংকট সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক খন্দকার শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক এবং যুগ্ম পরিচালকবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী খুলনা সফরের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের খুলনা শাখা নির্বাহী এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
