২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ তারা বিএনপি নেতা!

হরতাল চলাকালে শনিবার ডেমরার করিম জুট মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্যে মিলের ভেতর ঢুকতে চাইলে বিজেএমসি’র অনুমতি না থাকায় সাংবাদিকদের বাধা দেওয়া হয়। তবে এসময় স্থানীয় বিএনপি নেতাদের নির্বিঘেœই মিলের ভেতর ঘোরাফেরা করতে দেখা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

হরতালে লতিফ বাওয়ানী মিলের অবস্থা পর্যবেক্ষণ করার পর সাংবাদিকরা করিম জুট মিলে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে ছুটে যান।

কিন্তু মিলের গেটে উপস্থিত হওয়ার পর সিকিউরিটি ইনচার্জ মাহমুদ হাসান সাংবাদিকদের সেখানে অপেক্ষা করতে বলেন। প্রায় দেড় ঘন্টা পর ফিরে এসে তিনি জানান, বিজেএমসি’র অনুমতি থাকলেই কেবল তারা কর্তৃপক্ষের সাথে দেখা করতে পারবেন।

পরে সাংবাদিকরা সিবিএ নেতাদের সাথে দেখা করতে চান। কিন্তু তখনও তাদের অনুমতি না থাকার কথা বলে ফিরিয়ে দেওয়া হয়।

এসময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, ‘তাহলে হযরত আলী ও কবির হোসেন কীভাবে মিলের মধ্যে ঢুকে মিল চালাতে চেষ্টা করছেন?’ এ প্রশ্নের জবাবে হাসান জানান, তারা বিএনপি নেতা।

উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ মিল চালাতে ব্যর্থ হলে তা যাতে গণমাধ্যমে প্রকাশ বা প্রচারিত হতে না পারে, সেজন্যে তারা সাংবাদিকদের মিলের মধ্যে ঢুকতে দেননি।

সিবিএ নেতা ও কর্তৃপক্ষের অসহযোগিতার ঘটনাটি ছাড়া লতিফ বাওয়ানি জুট মিলের অবস্থাও ছিল একই।

এসময় ডেমরা ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমানকে সিকিউরিটি ইনচার্জের কক্ষে বসে ডেমরা থানার ওসি গাফ্ফার ও এসি ইকবালের সাথে গল্প গুজব করতে দেখা যায়। অপরদিকে পাশের একটি কক্ষে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমকে ঘুমিয়ে থাকতে দেখা যায়।