বিরোধী দলের প্রস্তাব অসাংবিধানিক, অবাস্তব এবং অবান্তর : মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ শনিবার ১৪ দল প্রদত্ত তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাবনাকে অসাংবিধানিক, অবাস্তব, অবান্তর এবং অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেছেন।
আইনমন্ত্রী শনিবার তার সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কোন কার্যকর ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পেরে আওয়ামী লীগ এবং কয়েকটি রাজনৈতিক দল দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, দেশের ভেতরে বিভেদ সৃষ্টিসহ নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই এই ৫৪ দফা প্রনয়ন করেছে।
এর আগে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে এক ঘন্টা বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রস্তাবিত ৫৪ দফা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে একটি সূত্র জানায়।
আইনমন্ত্রী বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের, বর্তমান সরকারের নয়।
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বিরোধী দল যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। বিরোধী দল জাতীয় সংসদে তাদের এই দাবি জানাতে পারে এবং সংসদেই এ ব্যাপারে আলোচনা হতে পারে।
বিরোধী দলের প্রস্তাব বাস্তবায়নে বিরোধী আওয়ামী লীগের আগ্রহ সম্পর্কে আইনমন্ত্রী সন্দেহ পোষন করে বলেন, আওয়ামী লীগ যদি এই পরিবর্তনের ব্যাপারে আগ্রহী হতো, তাহলে তাদের পাঁচ বছরের শাসনামলে কেন তা বাস্তবায়ন করল না?
তিনি বলেন, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের হাতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব অসাংবিধানিক ও স্ববিরোধিতাপূর্ন। আইনমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা কেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের হাতে দেয়া হবে? রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন আইনমন্ত্রী।
ধর্মভিত্তিক প্রচারাভিযান চালাতে না দেয়ার প্রস্তাব বাস্তবায়ন করা হলে কিছু ইসলাম পন্থি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য, কিন্তু তারা কোন ইস্যু তৈরী করতে পারবে না। কারণ তাদের জন সমর্থন নেই। জনগন তাদের প্রস্তাব গ্রহন করবে না।
