নারায়ণগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে ৯ জন আটক
কোরআন অবমাননার অভিযোগে শনিবার নারায়ণগঞ্জের পাগলায় এলাকাবাসী নয় ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা ইয়ং মুসলিম সোসাইটি নামে একটি সংগঠনের কর্মী বলে জানা গেছে।
এলাকাবাসী অভিযোগ করেছে, এসংগঠনের বিলি করা লিফলেট ও বইয়ে কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে ফিরোজ মিয়া, আজিজুল্লাহ, ওসমান খান, শওকত হোসেন, নুরুল ইসলাম, কাবিল মিয়া, ফজলুর রহমান, কমল ও রজ্জব আলী।
স্থানীয় সূত্র জানায়, সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার ৮৪, স্বামীবাগে। সংগঠনটির কর্মীরা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকার দেলপাড়ায় তাদের সদস্য ফজল মিয়ার ডেসা টেইলার্সে বৈঠক করছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে এবং ১৪ জনকে আটক করে। এসময় পাঁচজন পালিয়ে গেলেও বাকি নয় জনকে তারা ফতুল্লা থানায় সোপর্দ করে।
এলাকাবাসী তাদের কাছ থেকে কিছু লিফলেট ও বই উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল্লাহ বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত লিফলেট ও বইয়ে বেশ কিছু অবমাননাকর কথাবার্তা লেখা রয়েছে। যেমন, শুকরের মাংস খাওয়া যায়েজ, ইসলামে ওলামা বা মাওলানা- এসবের কোনও বৈধতা নেই, একাধিক বিয়ে করা বৈধ নয়, তবে ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করলে তা যায়েজ ইত্যাদি।
