ভোলায় মাছ ধরা ট্রলারে ডাকাতদের হামলায় ৩ জন আহত
ভোলার মনপুরা উপজেলায় মেঘনার চরসামসুদ্দিনে শনিবার ডাকাতরা একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেছে। আহতরা হলো- জাহাঙ্গীর (৩৮), আব্দুল আজিজ (২০) ও আলমগীর (৩২)।
সূত্র জানায়, শনিবার ভোরে ডাকাতরা মাছ ধরা অবস্থায় ট্রলারটিতে হামলা চালায়। ট্রলারের ১২ জন জেলের মধ্যে ডাকাতরা এসময় তিনজনকে কুপিয়ে নদীতে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যায়। তবে ডাকাতদের হামলার পূর্বেই অন্য জেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করে। পরে ডাকাতদল ট্রলারের মালামাল লুট করে ট্রলারটি চরসামসুদ্দিনের কাছে ফেলে রেখে যায়।
আহতদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
