২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডির পানিবন্দি মানুষের নৌকা কেনার হিড়িক

ডিএনডির ভেতরের কয়েক লাখ পানিবন্দি মানুষের চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। ফতুল্লা বাজারে গত কয়েকদিন ধরে নৌকা বিক্রির হিড়িক পড়েছে। কাঠ মিস্ত্রিরা এখন দিনরাত নৌকা তৈরিতে ব্যস্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ডিএনডি’র ভেতরে সৃষ্ট কৃত্রিম বন্যা সহসা দূর হচ্ছে না, এ ভেবেই পানিবন্দি ভুক্তভোগী মানুষ চলাচলের বাহন হিসেবে বেছে নিয়েছে নৌকা । ক্রেতাদের চাহিদা বেশি থাকায় নৌকার দামও বেড়েছে।

স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়, প্রতিদিন গড়ে ৫০/৬০টি করে নৌকা বিক্রি হচ্ছে। খুব সকাল থেকে ৮/১০ জন মিস্ত্রি গভীর রাত পর্যন্ত বিভিন্ন আকৃতির নৌকা তৈরি করে যাচ্ছে।

ফতুল্লা বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকৃতির একটি কোষা নৌকার দাম হাঁকা হচ্ছে ১২শ’ থেকে ১৫ শ’ টাকা । বড় আকারের কোষা নৌকা আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নৌকা কিনতে আসা ডিএনডি’র ভেতরের জালকুড়ি এলাকার বাসিন্দা ওসমান গনি বলেন, প্রথমে ভেবেছিলাম জলাবদ্ধতার দ্রুত সমাধান হবে। কিন্তু যতই দিন যাচ্ছে, এসমস্যা আরও দীর্ঘ স্থায়ী হচ্ছে।

তিনি আরও বলেন,  আমি ঘরে মাচা করে আছি। পোষা গরু ছাগল পাশ্বূবর্তী সড়কে রেখেছি। চলাচলের জন্যে নৌকা ছাড়া উপায় নেই বলে কিনতে এসেছি।