সিটি সার্ভিসের জন্যে রাজধানীতে দুশ এসি সিএনজি বাস আনবে বিআরটিসি
ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে যাতায়তের সুবিধা এবং সিটি সার্ভিসকে গতিশীল করার লক্ষ্যে বিআরটিসি কোরিয়া থেকে দুশ এসি সিএনজি বাস সংগ্রহ করবে।
যোগযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার একথা জানান। তিনি যোগাযোগ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করছিলেন।
সভায় যাত্রীদের সাথে সরকারী এবং বেসরকারী পরিবহন কাউন্টার কর্মীদের শোভন ও বিনয়ী আচরণ নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
শতকার পঁচাশি ভাগ শহজ শর্তে ঋণ এবং শতকরা পনেরো ভাগ বিআরটিসি’র নিজস্ব সম্পদ দিয়ে কোরিয়া থেকে সিঙ্গেল ডেকার ওই বাসগুলো সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
সভায় বিআরটিসি’র বাস ও ট্রাক বহরের সংখ্যা বৃদ্ধি, হাইওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ঢাকা-কলকাতা রুটে বিআরটিসি’র বাস আরও বাড়ানোর কথা বলা হয়।
এসময় যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ যোগাযোগ মন্ত্রণালয় এবং বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
