দেশের উত্তরাঞ্চলের সব নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি
দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষন এবং উজান নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা, ঘাঘট, দুধকুমারসহ উত্তরাঞ্চলের অধিকাংশ নদীর পানি বেড়ে এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন।
বন্যার পানিতে নীলফামারী ও সৈয়দপুর শহরসহ উত্তরাঞ্চলের একটি উল্লেখযোগ্য অংশ তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ । বন্যা উপদ্রুত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া। বন্যা কবলিত নীলফামারীর ডিমলা উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম আলী নামে এক বৃদ্ধ মারা যায়।
উত্তরাঞ্চল ছাড়াও অব্যাহত বর্ষণে নরসিংদী, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিুাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পিরোজপুরের জিয়ানগরে পানির তোড়ে ভেড়িবাঁধের প্রায় এক কিলোমিটার জায়গা ভেঙ্গে যায়। এর ফলে তলিয়ে গেছে চারটি গ্রাম।
নীলফামারী প্রতিনিধি জানান, টানা ভারীবর্ষণ ও সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় ধেয়ে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ছয় উপজেলার গোটা নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। শুক্রবার তিস্তা, বুড়ি তিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, খড়খড়িয়া, চিকলিসহ সবকটি নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দু’দিনে জেলায় ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বানের পানিতে তলিয়ে গেছে প্রায় জেলার ১১ হাজার একর জমির রোপা আমন বীজতলা। গোটা জেলার প্রায় ৬ হাজার একর নিচু জমির উঠতি পাট ক্ষেত কোমর পানিতে তলিয়ে থাকায় কৃষকরা তা কাটতে পারছে না। নীলফামারী ও সৈয়দপুর শহর ভাসছে বানের পানিতে। সৈয়দপুর শহরের সবকটি সড়ক পানিতে তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত কয়েক দিন ধরে সদর ও ডিমলা উপজেলার কুন্দুপুকুর ও কচুকাটা ইউনিয়নের গ্রামে গ্রামে ব্যাপক ভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। কুন্দুপুকুরের সুঠিপাড়া গ্রামে বৃহষ্পতিবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ইব্রাহীম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসব এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দু’শতাধিক। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ জেলার ৬১ ইউনিয়ন ও চারটি পৌর এলাকায় একটি করে মেডিকেল টিম গঠন করেছে। জেলা প্রশাসক ও সদর ইউএনও শুক্রবার ডায়রিয়া উপদ্রুত এলাকাগুলো পরিদর্শন করে আইবি স্যালাইন, ওরাল স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছেন।
ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। গত তিন দিনের ভারি বর্ষণে প্রবল পানির চাপ সামলাতে ব্যারেজের সব ক’টি গেট (৪৪টি) খুলে দেয়া হয়েছে।
এদিকে ডিমলা উপজেলার ঝাড়সিংহেস্বর, দোহলপাড়া, কিসামতের চর, পশ্চিম খড়িবাড়ী, চরখড়িবাড়ী, ভাষানীর চর, উত্তর খড়িবাড়ী, তাপুর চর, দক্ষিন খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ী, বাইশপুকুর, সতীঘাট, ছোটখাতা, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, উত্তর সোনাখুলী গ্রাম বৃহস্পতিবার পর্যন্ত ২/৩ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। এসব গ্রামের পানিবন্দী প্রায় ১২ হাজার মানুষ খাওয়ার পানি ও খাদ্য সংকটে ভুগছে। অনেক পরিবার তাদের ঘড়বাড়ী ফেলে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
নীলফামারী শহরের বাবুপাড়া, সওদাগরপাড়া, কলেজপাড়া, মাস্টারপাড়া, হাড়োয়া, নিউ বাবুপাড়া, শাহীপাড়া ও সৈয়দপুর পৌর এলাকার নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, বাঙ্গালীপুর বাঁশবাড়ী, এলাকার ঘরবাড়িতে হাটু পানি উঠেছে। এছাড়াও অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে।
এদিকে, জলঢাকা উপজেলার হলদিবাড়ী এলাকায় ঝুকিপুর্ণ তিস্তা ডানতীর বাঁধের প্রায় ৬ হাজার ফুট এলাকার ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলছে ও বাঁশের পাইলিং নির্মাণ করছে। তিস্তা ব্যারাজের উজানে ঝাড় সিংহেস্বর এলাকায় ২ ও ৩ নম্বর স্পারের মধ্যবর্তী স্থানে তিস্তার উত্তাল ঢেউ চরম আঘাত হানছে। যে কোন মুহুর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, চারদিনের অবিরাম বর্ষন এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার আরও নতুন নতুন এলাকা প্লবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় গাইবান্ধায় ১০৯ মি: মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি ৬২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৪০ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রের পানি ৬৫ সে: মি:, করতোয়ার ১৭ সে: মি: তিস্তা নদীর পানি ৫৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় করতোয়া, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এর ফলে জেলার পাঁচটি উপজেলার ২৫ টি গ্রামের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। এসব এলাকায় আশ্রয়ের আশায় লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
ভাঙ্গন কবলিত এলাকাগুলো হচ্ছে ফুলছড়ি উপজেলার পশ্চিম গজারিয়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ি, সাঘাটা উপজেলার বেড়াগ্রাম, গোবিন্দপুর, নলছিয়া, চিনিরপটল, চরগুয়াবাড়ি, সুন্দরগঞ্জ উপজেলার ভাটিকাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর, গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা, ফতেউল্যাপুর, সোহাগী, উত্তর ধর্মপুর, জগন্নাথপুর, চাঁদপুর ও সিংগা গ্রাম এবং সদর উপজেলার কামারজানির নতুন বন্দর, চিড়াকুঠি, দক্ষিণ গিদারী, মোল্লারচর ইউনিয়নে চিথুলিয়া, চিথুলিয়া দিগর ও গোপালপুর।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার ৯টি উপজেলার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলার ৭২ টি ইউনিয়নের মধ্যে ৬০ টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় প্রায় ৪০ হাজার পরিবারের প্রায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট-বড় ১৫ টি নদীর পানি দ্রুত বাড়ছে।
দুধকুমার নদীর প্রবল স্রোতের কারণে রায়গঞ্জ ইউনিয়নে বড়বাড়ি এলাকায় বাঁেধর তিন ভেল্ট রেগুলেটরের একটি পানির তোড়ে ভেসে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এই রেগুলেটর ভেঙ্গে গেলে পার্শ্ববর্তী চারটি গ্রাম তলিয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ২২ সে: মি: বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫১ মি: মি:। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে ৩৫ সে: মি: এবং বৃষ্টিপাত হয়েছে ১২৩ মি: মি:। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে ২৬ সে: মি: এবং বৃষ্টিপাত হয়েছে ২৫৬ দশমিক ৫ মি: মি:। এ বৃষ্টিপাতের পরিমান গত ১০ বছরে সর্বোচ্চ বলে জানা গেছে।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে দ্রুত পদ্মার পানি বাড়ছে। পানি বৃদ্ধির সাথে সাথে পদ্মার দু’পাড়ে ব্যাপক আকারে ভাঙন শুরু হয়েছে। সক্রিয় মৌসুমি লঘুচাপের প্রভাবে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে পদ্মার রাজশাহী পয়েন্টে প্রায় ৪ ফুট পানি বেড়ে এখন বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। এখানে বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। বৃহস্পতিবার ১৬ দশমিক ৮৩ মিটার উচ্চতা দিয়ে পদ্মার রাজশাহী পয়েন্টে পানি প্রবাহিত হয়েছে।
বিরামহীন পানি বৃদ্ধিতে পদ্মার দু’পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার দক্ষিণ পাড়ে চর মাঝারদিয়ার, চর নবীনগর, চর তারান রে ভাঙন ভয়াবহ রুপ নিয়েছে। এসব এলাকায় মানুষ ও গবাদি পশু নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। পদ্মার উত্তর পাড়ে পঞ্চবটি, তালাইমারি, কাজলা, খোজাপুর, টাঙন এলাকায় পদ্মার পাড় ভাঙছে। কিন্তু ভাঙন প্রতিরোধে কোন উদ্যোগ নেই। ফলে জনমনে আতংক ও নিরাপত্তহীনতা বাড়ছে।
নরসিংদী প্রতিনিধি জানান, তিনদিনের টানা বর্ষনে নরসিংদী শহরের নিুাঞ্চল ডুবে গেছে। ভেঙ্গে পড়েছে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা। শহরের সিএ্যান্ডবি রোড, দত্তপাড়া, রাঙামাটিয়া, সাটিরপাড়া, নরসিংদীবাজার, ব্রাহ্মনদী, তরোয়া, কাউরিয়াপাড়া ইত্যাদি এলাকা এখন পানির নিচে। পানি ঢুকে পড়েছে শহরের বিভিন্ন বাড়ি ও দোকানে।
পিরোজপুর প্রতিনিধি জানান, একটানা বর্ষণ এবং পানির তোড়ে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারোন বেড়ি বাঁধের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে দু’হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
তিন দিনের টানা বর্ষনে এবং কচানদীর পানির তোড়ে বৃহস্পতিবার দুপুর থেকে কলারোন বেড়ি বাঁধের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে যায়। একই সাথে কলারোন, কালিপাড়া, কলাইয়া, চ-িপুর এবং লাউরখালরি চর প্লাবিত হয়। জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বেড়ি বাঁধ ভেঙ্গে যওয়ায় দুই’শ হেক্টর রোপা আমন বীজতলা, ১৫’শ হেক্টর আউশ ধান, আড়াই হেক্টর জমির পেঁপে গাছ নষ্ঠ হওয়ার আশংকা রয়েছে।
এছাড়া জেলার মাঠবাড়িয়া উপজেলার মাঝের চর, ভান্ডারিয়ার হরিনপালার চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনসাধারণ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
