ঢাকার বাজারে বৃষ্টির চরম প্রভাব: দাম বেড়েছে প্রায সকল পণ্যের
বৃষ্টি আর বাজার দর, দুয়ে মিলে নগরবাসীর নাকাল অবস্থা। ঢাকার বাজারে বৃষ্টির চরম প্রভাব পড়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে চালের দাম মণপ্রতি বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। যার প্রভাবে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি এক টাকা থেকে দু’টাকা পর্যন্ত।
চালের দামের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আটা, মাছ, আলু, পেঁয়াজ, মরিচ ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও। বেড়েছে দেশী মুরগীর দাম। স্থিতিশীল রয়েছে ডিম, ডাল, তেল ও মাংসের দাম।
শুক্রবার রাজধানীর কয়েকজন চাল বিক্রেতা জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারেই চালের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা চালের পরিমান কমে গেছে। যা আসছে তারও দাম বেশ চড়া। এ অবস্থায় চালের দাম তাদেরও বাড়াতে হয়েছে।
খুচরা বিক্রেতারা জানান, বাজারে দুই ধরণের নাজিরশাল চাল বিক্রি হচ্ছে। এর দামেও রয়েছে বড় পার্থক্য। ভাল মানের নাজিরশাল চাল বিক্রি হচ্ছে ২৬ টাকা দরে। তবে অপরটি বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪ টাকা দরে। যা গত সপ্তাহে ছিল ২৫ ও ২৩ টাকা। মিনিকেট চালের দামও বেড়েছে কেজিপ্রতি এক টাকা করে। দু’ধরণের মিনিকেট চাল বিক্রি হচ্ছে যথাক্রমে ২৫ টাকা এবং ২৩ টাকা দরে।
পাইজাম চালের দাম ২২ থেকে ২৩ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা ও লতা চালও বাজারে ২৪ থেকে ২৫ টাকা। পারিজাত ও ইরি চালের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা বেড়ে ২০ টাকায় দাঁড়িয়েছে।
চালের মতো প্যাকেট আটার দামও বেড়েছে কেজিপ্রতি দুই টাকা হারে। ১৮ টাকার আটা এখন বাজারে প্রতি কেজির দাম ২০ টাকা।
কাঁচা মরিচের দাম এ সপ্তাহে কেজিপ্রতি আরও ২০ টাকা করে বেড়েছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ৬০ টাকার নীচে কোনো বাজারেই মরিচ পাওয়া যাচ্ছে না।
ডালের দাম কেজিপ্রতি ছয় থেকে আট টাকা বেড়ে ৫২ থেকে ৫৪ টাকায় স্থিতিশীল হয়েছে। পেঁয়াজের দাম আরও দুই টাকা বেড়ে এখন ২২ টাকা প্রতি কেজি।
শুক্রবারও ক্রেতারা প্রতি হালি ডিম ১৮ টাকায় বিক্রি করেছে। তবে আবারও বেড়েছে মুরগীর দাম। সাদা ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৭৫, লাল ব্রয়লার মুরগি ৯০ ও দেশী মুরগি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে ইলিশের দাম কমছে না কোনোভাবেই। এ সপ্তাহেও ছোট ছোট ইলিশের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা ও বড় ইলিশের দাম ২৫০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে। বড় বড় ইলিশ একেকটি ৫০০ থেকে ৭০০ টাকা দাম হাকছে বিক্রেতারা।
একইসাথে রুই, কাতলা, পাঙ্গাস, কালিবাউস, চিংড়ি ও মাগুরসহ অন্যান্য মাছের দাম চড়া। বাজারে ছোট রুই ১২০ থেকে ১৫০, বড় রুই ২০০ থেকে ২৫০ টাকা, কাতলা ৯০ থেকে ১২০, পাঙ্গাস ১৩০, কালিবাউস ১৪০ থেকে ১৫০, চিংড়ি ১৪০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০, শিং ৩০০ থেকে ৪০০, মাগুর ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দাম কেজিপ্রতি ১১০ থেকে ১২০ এবং খাসির মাংস ২০০ থেকে ২২০ টাকায় স্থিতিশীল রয়েছে।
কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেঁড়স, পটল, শসা, ও শাক-সব্জির দাম বেড়েছে। আলুর কেজি এক টাকা বেড়ে দশ টাকা, শসা, বেগুন ও ক্ষীরা ২৪ থেকে ২৮, টমেটো ৩০, পটল, ছোট কচু, ঢেঁড়স ও করলা ১৬ এবং সিম, কচুর লতি, ঝিঙা ও চিচিঙ্গা ও বরবটি ১৪ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৪ টাকা ও চিনি ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
