২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খাতের সকল চুক্তি পরীক্ষার জন্যে নাগরিক কমিশন গঠন করবে বাংলাদেশ অর্থনীতি সমিতি

নাইকোর সাথে সম্পাদিত ‘বাজে’ চুক্তির কারণে দেশের লাখ লাখ টাকার অপচয় হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনীতি সমিতি জ্বালানি খাতের সকল চুক্তির প্রক্রিয়া, কারণ ও অবস্থা বিশ্লেষণের জন্যে একটি নাগরিক কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নগরীর নীলক্ষেতে অবস্থিত পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে বৃহস্পাতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘টেংরাটিলা গ্যাস বিস্ফোরণ: আর্থ-সামাজিক-রাজনৈতিক অভিঘাত প্রসঙ্গে’ শীর্ষ সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।

কমিশনের গঠনপ্রণালী নির্ধারণের জন্যে সমিতি শিগগিরই সম্পাদকসহ গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবে।

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রের দুর্ঘটনার কথা উল্লেখ করে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান বলেন, দেশের তেল গ্যাসের সদ্ব্যবহার নিশ্চিত করতে আজ থেকে একটি নাগরিক কমিশন কাজ শুরু করবে।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠিত হবে এবং তারা সকলে একত্রে কাজ করবে।

নাইকো ও বাপেক্সের সাথে সম্পাদিত যৌথ চুক্তি পর্যালোচনা করে জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলেন, দু’টি দুর্ঘটনায় দেশের ৩,১৭৫ থেকে ৭,৬০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত বলেন, বাজে চুক্তির কারণে জাতিকে অনেক মূল্য দিতে হল।

তিনি বলেন, টেংরাটিলা দুর্ঘটনার কারণে সরকার ১,৭২৫ থেকে ৪,৬৫০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে।

তার মতে, দুর্ঘটনায় ৪৫০ থেকে ৯০০ কোটি টাকার ধান ক্ষেত, পাশ্ববর্তী পুকুরের ১৫০ থেকে ৩০০ কোটি টাকার মাছ, ২০০ থেকে ৩০০ কোটি টাকার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইসলাম বলেন, ত্র“টিপূর্ণ যৌথ চুক্তির আওতায় নাইকোকে ছাতক গ্যাস ফিল্ড হস্তান্তর করাই একটি ব্যতিক্রম ঘটনা।