চোরাচালানকারীদের গুলিতে বিডিআর ল্যান্সনায়েক নিহত হওয়ার ঘটনায় ৪ জন আটক
চোরাচালানকারীদের গুলিতে বিডিআরের ল্যান্স নায়েক পিয়ার মোহাম্মদ (৪২) নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত বিডিআরের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার পর্যন্ত চার জনকে আটক করেছে পুলিশ।
বিডিআরের হেফাজতে থাকা গুলিবিদ্ধ রবিউল সংশ্লিষ্ট ২০ জনের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। পোর্ট থানা পুলিশ আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছেন।
পুলিশের হাতে আটককৃতদের মধ্যে রয়েছে, ছোট আচড়া গ্রামের শামছুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (৩২), একই গ্রামের সলেমানের পুত্র দুলাল (৩০), গাজীপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র পাপ্পু (৩৮)। আটক অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বুধবার রাত ৩টার দিকে ৪০/৫০ জনের সশস্ত্র একদল চোরাচালানী বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আচড়া শালবাগান বিডিআর পোস্ট দিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিডিআর তাদের চ্যালেঞ্জ করলে চেরাচালানীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় ল্যান্স নায়েক পিয়ার মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় বিডিআরও পাল্টা গুলি চালালে চোরাকারবারী দলের রবিউল গুলিবিদ্ধ হয়ে বিডিআরের হাতে আটক হয়। গুলিবিদ্ধ বিডিআর নায়েক পিয়ার মোহাম্মদকে নাভারন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করে।
বিডিআর জানায়, এ ঘটনার পরপরই বিডিআরের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পোর্ট থানার ওসি মোস্তফা কামাল জানান, এ মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
