২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারি সার্জেন্ট জুলফিকারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ

ছিনতাইকারি পুলিশ সার্জেন্ট জুলফিকারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা আসামী পক্ষের দাখিল করা মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ অভিযোগ গঠন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৫৩ হাজার টাকা এবং ৫০ হাজার সৌদি রিয়াল ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আদালতে সার্জেন্ট জুলফিকার নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন।

ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আইনের ৪ (ক) ধারার এ মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন ১৯ জুলাই। গত ২৮ জুন বিকালে ৬৮ নং দিলকুশার ‘রাজদূত’ মানি এক্সচেঞ্জের মালিক আজাহার আলী ও তার দুই ভাতিজা ওই টাকা নিয়ে কর্মস্থল থেকে জিগাতলার বাসায় যাচ্ছিলেন।

তারা জিপিও’র উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের কাছে পৌছলে সার্জেন্ট তাদেরকে তল্লাশীর অজুহাতে পল্টন থানায় নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে।

পরে বিজয়নগর পানির ট্যাঙ্কের বিপরীত দিকে ‘ল’ কলেজের কাছে গাড়ি পৌছালে জুলফিকার তাদেরকে ভয় দেখিয়ে টাকা ও রিয়েল ছিনিয়ে নেয়।

টাকা নিয়ে যাওয়ার সময় সে ভুলে তার ব্যবহৃত মোটর সাইকেলের চাবি, কাগজপত্র এবং নিজের ডিউটি কার্ড ও চশমা গাড়ির সিটে ফেলে যায়।

এ ঘটনায় আজাহার বাদী হয়ে সার্জেন্ট জুলফিকারকে আসামী করে পল্টন থানায় মামলা করেন। তিন দফায় মোট ছয়দিন রিমাণ্ড শেষে তার বিরুদ্ধে ৯ জুলাই আদালতে চার্জশীট দাখিল করা হয়। তবে বাদীর ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।