২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী উপকূলীয় চরাঞ্চলে মহিষের প্রজনন খামারের উজ্জ্বল সম্ভাবনা

নোয়াখালী উপকূলীয় বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষের প্রজনন খামার গড়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:35 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জেলার দক্ষিণে সাগর থেকে নিয়মিত জেগে ওঠছে পলিমাটি সমৃদ্ধ নতুন নতুন চর। নতুন চরে গজায় ছোট ছোট উড়ি জাতীয় এক প্রকার উলু ঘাস। মানুষ এই চরের নাম দেয় উড়ির চর। বাথানের মালিকরা তাদের মহিষের পালকে নিয়ে যায় সেই চরে। এই নতুন উড়ি মহিষের প্রিয় খাদ্য। মহিষগুলোও মহানন্দে সেখানে কাটায়। জোয়ারে যখন চরে পানি ওঠে তখন মহিষগুলো নাক-মুখ উঁচিয়ে বিরাট দেহ নিয়ে পানিতে ডুবে থাকে। কিছুক্ষণের মধ্যে ভাটায়  চর জেগে উঠে। দিন কয়েকের মধ্যে যখন চর সম্পূর্ণ জেগে ওঠে তখন আরেক রূপ দেখা যায়। নতুন চর জেগে ওঠার সময় মহিষের শক্ত পায়ের চাপে চরও শক্ত হতে থাকে। এতে প্রকৃতিগতভাবেই এক অনুকূল পরিবেশের সৃষ্টি হয়।

ইতোমধ্যে হাজার হাজার একর নতুন চর সাগরবক্ষ থেকে জেগে ওঠেছে। এসব চরে সরকারি উদ্যোগে মহিষের প্রজনন কেন্দ্র গড়ে তুলতে পারলে এ অঞ্চলে আসবে বিশাল পরিবর্তন। অর্থনীতিতে আসবে এক নতুন দিগন্ত।

জানা যায়, এখানকার বাথান মালিকদের আছে বিশাল মহিষের পাল। কেউ কেউ বিভিন্ন অবস্থাপন্ন মালিকদের কাছ থেকে মহিষ সংগ্রহ করে আবার গড়ে তুলেছে বিশাল বাথান। প্রাকৃতিকভাবে লালন-পালন করা মহিষগুলোর তেমন কোনও রোগ-বালাই নেই।

নোয়াখালীতে কর্মরত ডানিডা এসএলডিপি প্রকল্পের পশু সম্পদ বিশেষজ্ঞ কালিপদ দাস বিডিনিউজকে জানান, এ অঞ্চলে গবাদি পশুর খাদ্য যেমন- ধনঞ্চে ঘাস, জলজ ঘাস, মাশ কলাই, কাউপি ঘাস খেসারী ইত্যাদি অত্যন্ত কম খরচে প্রকৃতিগতভাবে অনেক সময় উৎপন্ন হয়। যা পশু খাদ্য হিসাবে অত্যন্ত সুষম।

তিনি আরও বলেন, পরিকল্পিত গোচারণ ভূমি এবং আশ্রয়স্থল করা গেলে পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পশু সম্পদ উন্নয়ন, রপ্তানি ও স্থানীয় চাহিদা মেটানো সম্ভব। এক্ষেত্রে প্রয়োজন পরিবেশের সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং জনবলের প্রশিক্ষণ।

এক পরিসংখ্যানে দেখা গেছে, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ১৫ হাজার পরিবার সীমিত আকারে পশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। এ ধরনের পেশাজীবিদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পশু পালন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার পাশাপাশি পশু পালনের উপযোগী বিচরণ ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হলে এক্ষেত্রে সফলতা নিশ্চিত।

সর্বোপরি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে মহিষ প্রজনন খামার প্রতিষ্ঠা লাভজনক হয়ে উঠবে।