২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণে ঢাকাসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে বুধবার ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষনে জনজীবন ও ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে জনজীবনে  দেখা দেয় সীমাহীন দুর্ভোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

দিনমান বৃষ্টির ফলে নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অপর্যাপ্ত জলনিস্কাশন ব্যবস্থার কারণে নিুাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নর্দমা উপচে জমে নোংরা হাঁটু পানি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, নিুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছিলো তুমুল বর্ষণ।

একটানা বর্ষণে ঢাকার মতিঝিল, বিজয়নগর, পুরনো ঢাকার বিভিন্ন এলাকা, ডেমরা, সবুজবাগ, বাসাবো, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, মগবাজার, শাহবাগ, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, পান্থপথ, সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ১ নম্বর গোলচত্বর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব থাকলেও কোথাও ওয়াসার কর্মীদের তৎপরতা দেখা যায়নি। সিটি করপোরেশনেরও ছিলো না তেমন কোনো উদ্যোগ।

নগরীর অনেক যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে নগরবাসীর দুর্ভোগ আরো বাড়ে। শত শত রিক্সা, গাড়িসহ অন্যান্য যানবাহনকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়।

অফিসগামী ও অফিস ফেরতা মানুষকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে অনেকে ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। সচিবালয়সহ সরকারি ও বেসরকারি অফিসগুলোতে অন্যদিনের তুলনায় উপস্থিতি ছিলো কম। বিকাল ৩ টার আগেই অফিসগুলো খালি হয়ে যায়।

রিকশাসহ সব ধরণের যানবাহনের সংখ্যা ছিলো অত্যন্ত কম। বৃষ্টিতে ভিজে দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে রিকশা বা অটোরিকশার সন্ধান পাওয়া যায়। রিকশা, সিএনজি চালিত অটো রিকশা ও ট্যাক্সি ক্যাব যাত্রীদের গুণতে হয় অতিরিক্ত ভাড়া। বিভিন্ন রুটে বাস মিনিবাস চললেও বেশিরভাগ মিনিবাস অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধ করে দেয়। ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হয় অনেককেই।

বর্ষণের কারণে ঢাকার বাজারে চাল, ডাল, মাছ, মাংস, ডিম, মরিচ, পেঁয়াজ ও শাক-সব্জির দাম ছিলো বেশ চড়া।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হয় মাত্র ৩৯ মিলিমিটার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীতে গুড়িগুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার বাইরে ময়মনসিংহে সর্বোচ্চ ১১১ মিলিমিটার, ঈশ্বরদীতে ৭৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৫ মিলিমিটার, খুলনায় ২৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৫২ মিলিমিটার, যশোরে ১৭ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার, বগুড়ায় ৩৫ মিলিমিটার এবং রাজশাহীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য স্থান থেকেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত অন্তত: তিনদিন অব্যাহত থাকার কথা। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা, রাজশাহী ও খুলনার বিভিন্ন স্থানে। এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।