২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের দাবিতে এক ঘন্টার জন্যে থমকে গিয়েছিল খুলনা

উন্নয়নের দাবিতে বুধবার এক ঘন্টার জন্যে থমকে গিয়েছিল খুলনা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পালন করে ‘খুলনা অচল’ কর্মসূচি। খুলনা মহানগর ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও মংলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জাতীয় বাজেটে খুলনার জন্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না রাখার প্রতিবাদ এবং খুলনার উন্নয়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বুধবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ‘খুলনা অচল’ কর্মসূচি আহ্বান করেছিল।

সকাল ১১টা বাজার সঙ্গে সঙ্গে খুলনা শহরের দোকান-পাট, অফিস-আদালত, স্কুল-কলেজ থেকে মানুষ বের হয়ে বৃষ্টির মধ্যে সড়কে হাতে হাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। রিকশাসহ সকল ধরনের যানবাহনের চাকা বন্ধ যায় এক ঘন্টার জন্যে। খুলনা তখন কার্যত পরিণত হয় অচল নগরীতে।

কর্মসূচি চলাকালে শহরের পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বন্ধ কল-কারখানা চালু, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, খানজাহান আলী বিমান বন্দরের কাজ দ্রুত সম্পন্ন করা, ২১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ ১৮ দফা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, দাবি মানা না হলে খুলনাবাসীরা সরকারি কর দেওয়া বন্ধ করে আইন অমান্য আন্দোলনে নামতে বাধ্য হবে।

উন্নয়ন কিমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান, আওয়ামী লীগ মহানগর কমিটির সভাপতি হারুনুর রশিদ, বিএনপি মহানগর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক শিক্ষা মন্ত্রী এসএম আমজাদ হোসেন, গণফোরামের আহ্বায়ক হায়দার আলী, সিপিবির মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদুল মতিন, জাতীয় পার্টি মহানগর কমিটির সভাপতি আলহাজ্জ আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডেভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্ছু, প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আকতারুজ্জামান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্জ মুনীর আহমদ প্রমুখ।