৪০ লাখ রুপিতে বিমান
উড়তে পারলে আবার গাড়ি চালানো কেন? একটি প্রদর্শণীতে হাজির হওয়া দর্শনাথীদের উদ্দেশ্যে প্রশ্নটি ছুঁড়ে দিলেন রাম পাত্তিসাপু।
বাঙ্গালোরে ছোট আকারের ফ্লাইং মেশিন প্রদর্শনী অভিজাতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দুই আসন বিশিষ্ট বিমানের মূল্য ধরা হয়েছে ৪০ থেকে ৪৮ লাখ রুপি। এটা অবশ্য মডেলের ওপর নির্ভর করে। অন্যদিকে, চার আসন বিশিষ্ট বিমানের দাম পড়বে ৮০ লাখ রুপি। এছাড়াও ইন্সুরেন্সের জন্য ৭০ হাজার এবং বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আরও ৪৫ হাজার রুপি খরচ পড়বে। যা মার্সিডিজ এম-ক্লাস’র চেয়েও ৯৫ লাখ টাকা কম।
রাম বলেন, আপনি যদি বিমান চালাতে নাও পারেন, কোনও সমস্যা নেই। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিমানের সঙ্গেই ফ্লাইং শিক্ষা দেওয়া হবে।
রাম প্রথমে সার্জন ছিলেন। পরে বিমান ব্যবসায় যোগ দেন এবং বর্তমানে তিনি ইণ্ডাস এভিয়েশনের প্রেসিডেন্ট। ডালাসের পর গতমাসে তিনি বাঙ্গালোরে দোকান দেন।
রাম বলেন, আমরা বিভিন্ন ব্যক্তি, ফ্লাইং ক্লাব ও স্কুলের কাছ থেকে ৫০ টি প্রস্তাব পেয়েছি। শিগগির এ গুলোর মধ্যে কিছু প্রস্তাব সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে বলে রাম দাবি করেন।
ব্যাংকের মাধ্যমে বিমান ক্রয় আরও সহজ করার জন্য রাম আইসিআইসি ও সিটি ব্যাংকের শরণাপন্ন হয়েছেন।
যাদের বিমান কেনার সামর্থ্য নেই কিন্তু কোনও ফ্লাইং ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে কিছু স্বেচ্ছাশ্রমমূলক কাজের মাধ্যমে ডিসকাউন্ট দেওয়া হবে।
কোম্পানিটি ‘বিল্ড এ প্লেন’ প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা করছে। যেখানে এতিমখানার শিশুরা বিমানের ডিজাইন ও উৎপাদন করতে পারবে।
প্রদর্শনীতে থর্প টি-২১১ নামে দুই আসনবিশিষ্ট হালকা ও স্পোর্টস বিমান রয়েছে। যা আপনাকে নিরাপদে আকাশে উড়িয়ে নিতে সক্ষম বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) কাছ থেকে সনদপত্র পেয়েছে। বিমানটি ৩৫০ থেকে ৪০০৯ ফিটের মধ্যে টেক অফ ও ল্যাণ্ড করতে সক্ষম এবং ঘন্টায় ২১২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।
পাত্তিসাপুর লক্ষ্য অবশ্য অনেক উঁচুতে। তিনি বলেন, আমরা প্রদর্শনীতে ১২ থেকে ১৫ টি এবং চলতি বছর যুক্তরাষ্ট্রে তিনটি বিমান বিক্রয়ের পরিকল্পনা করছি। ২০০৬ সালের শেষ নাগাদ সারা বিশ্বে ১০০ টি বিমান বিক্রি করা আমাদের লক্ষ্য। চলতি বছরের এপ্রিলে এফএএ’র সনদপত্র পাওয়ার পর যুক্তরাষ্ট্রে আমরা ১৬ টি টি-২১১ বিমান বিক্রি করেছি।
ভারতে তানেজা এয়ারোস্পেস এন্ড এভিয়েশন লি.(টিএএএল) মধ্যে একটি চুক্তির আওতায় এই বিমান তৈরি করা হচ্ছে।
সোসাইটি অব ইণ্ডিয়ান এয়ারোস্পেস টেকনোলজিস এণ্ড ইণ্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সি.জি. কৃষ্ণদাস বলেন, এ ধরণের বিমান অনেকেরই বিমান চলাচলে আগ্রহ ফিরিয়ে আনতে সাহায্য করবে।
