বেনাপোলে চোরাচালানী - বিডিআর বন্দুকযুদ্ধ, বিডিআরের নায়েক নিহত
বেনাপোল সীমান্তে ভোরে বিডিআর ও চোরাচালানীদের মধ্যে বুধবার বন্দুকযুদ্ধে বিডিআরের একজন ল্যান্সনায়েক নিহত হয়েছে। এসময় বিডিআরের অপর এক সদস্য এবং একজন চোরাচালানী আহত হয়।
আহতদের আড়াইশ’ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও বিডিআর সূত্র জানায়, ৪০/৫০ জনের একদল চোরাচালানী ভারতীয় অবৈধ পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকার সময় বেনাপোলের শালবাগান পোস্টের বিডিআর জওয়ানরা চ্যালেঞ্জ করলে চোরাচালানীরা তাদের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিডিআরের নায়েক পিয়ার আলী (ব্যাচ নং-৪৫৬৭১) গুলিবিদ্ধ হয়। পরে তাকে শার্শার নাভারন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাবিলদার বাবর আলী ও চোরাচালানী দলের সদস্য রবিউল আহত হয়।
নিহত পিয়ার মোহাম্মদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের হানিফ মুন্সীর ছেলে।
আহত চোরাচালানীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শার্শার ভবেরবেড় এলাকার দুলাল ও পাপ্পুকে আটক করে।
সূত্র জানায়, বিডিআর ও পুলিশ চোরাচালানীদের কাছ থেকে ১৫ হাজার চারশ’ ৭০ পিস অমিপ্রাজল ক্যাপসুল, ৫০০ পিস ডেন্টামাইসিন ইঞ্জেকশন , প্লে¬য়িং কার্ড, স্টিল দ্রব্যাদি (থালাবাসন), ১৭ বেল কাপড় এবং তিন বস্তা ফেনসিডিল আটক করে।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ওসি সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজকে জানান, চোরাচালানীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আটক মালামালের মধ্যে কাপড় ও ফেনসিডিল আটকের বিষয়টি অস্বীকার করেন।
ঘটনার পর বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার ও যশোরের কমান্ডিং অফিসারসহ বিডিআরের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ ঘটনায় বিডিআরের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
