কেরানীগঞ্জে চাঁদার দাবিতে হোটেল বয়কে পুড়িয়ে হত্যা
কেরাণীগঞ্জে সন্ত্রাসীরা হোটেল মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে হোটেল বয়কে পুড়িয়ে হত্যা করেছে। এছাড়া তারা হোটেলসহ তিনটি দোকান পুড়িয়ে দিয়েছে। কেরানীগঞ্জ থানার চরকুতুব ক্ষেতপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, ক্ষেতপাড় এলাকার হোটেল ব্যবসায়ী আলমাসের কাছে স্থানীয় সন্ত্রাসী মুরাদ, আক্তার গত কয়েকদিন ধরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। হোটেল মালিক চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয়। রাত সাড়ে ১২টায় হোটেল মালিক বাসায় যাওয়ার পর মুরাদ, আক্তারসহ ১০ জনের একটি সন্ত্রাসী গ্র“প মালিকের কাছে চাঁদা নিতে আসে। মালিককে না পেয়ে চাঁদাবাজরা হোটেল, একটি ভিসিডি এবং ক্যাসেটের দোকানে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় হোটেল বয় লিটন (১৪) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
ঘটনার পর থেকেই মুরাদ, আক্তার পলাতক রয়েছে।
