ঝালকাঠিতে অবাধে চলছে জেনারেটর ব্যবসা, শব্দদূষণে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ
নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে ঝালকাঠি শহরের বিভিন্ন আবাসিক এলাকায় জমজমাটভাবে জেনারেটরের ব্যবসা চলছে। আর এসব জেনারেটরের বিকট শব্দের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে শিশু, কিশোর, বৃদ্ধসহ অসংখ্য মানুষ। সবার চোখের সামনে বছরেরর পর বছর এই অবৈধ ব্যবসা চললেও এ নিয়ে কারো মাথাব্যথা নেই।
সূত্র জানায়, বর্তমানে শহরে ব্যবসায়িক ভিত্তিতে বৃহৎ আকারের ১৪টি জেনারেটর চালু রয়েছে। এর মধ্যে ১২টিই পরিচালিত হচ্ছে আবাসিক এলাকায়। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলেই কখনও একঘন্টা, কখনও বা একনাগাড়ে ৩/৪ ঘন্টা ধরে কানফাটা শব্দে জেনারেটরগুলো চলতে থাকে। শব্দ সহ্য করতে না পেরে অনেকেই ঘর ছেড়ে পালান।
চরম অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে অনেকেই শব্দ বন্ধ করার অনুরোধ জানাতে সংশ্লিষ্টদের কাছে ছুটে গেছেন, কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
পরিবশ অধিদফতর জানায়, শব্দদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শারীরিক ও মানসিক দুই ধরনের সমস্যা দেখা দেয় এবং এটা হতে পারে অস্থায়ী বা স্থায়ী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) মতে নগর পরিবেশের জন্য নিরাপদ শব্দমাত্রা হচ্ছে ৪৫ ডেসিবল।
এদিকে ঝালকাঠিবাসী জানায়, শহরের জেনারেটরগুলোতে সহনীয় মাত্রার চেয়ে কোনটায় পাঁচ গুন আবার কোনটায় ২০ গুন বেশি শব্দ হয়। অসহনীয় এই অবস্থা নাগরিক জীবনকে বিষিয়ে তুলছে।
স্থানীয় শিশু বিশেষজ্ঞ ডাঃ অসীম কুমার সাহা বিডিনিউজকে জানান, উচ্চ শব্দের কারণে শিশুদের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাদের রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
আইনজীবি নাসির উদ্দিন কবীর জানান, ছোট এই শহরে শব্দ দূষণের মাত্রা বেড়েই চলেছে। আইনগতভাবে নতুন নীতিমালা তৈরি করে জরুরীভাবে জেনারেটরগুলো আবাসিক এলাকা থেকে সরিয়ে ফেলা দরকার।
কয়েকজন পৌরবাসী বিডিনিউজকে বলেন, কিছু জেনারেটর মালিক প্রভাবশালীদের বিনে পয়সায় লাইন দিয়ে ‘হাত‘ করে নিয়েছেন। এছাড়া নিুমানের তার দিয়ে জেনারেটরের লাইন টানার ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার সচিব মোহাম্মদ এনামুল হক বিডিনিউজকে জানান, পৌর ট্রেড লাইসেন্স ম্যানুয়ালে জেনারেটর খাত বলে কিছু নেই। এটি একটি নতুন ব্যবসা। তাই এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তিনি এটাকে নতুন ব্যবসা বললেও জেনারেটর ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, কেউ কেউ ১০ বছর যাবত ব্যবসা করে আসছে।
