২৯ বছরে প্রবাসে পাড়ি জমিয়েছে ৪০ লাখ বাংলাদেশী
সরকারিভাবে ২৯ বছরে মোট ৪০ লাখ বাংলাদেশী নাগরিক বিদেশে পাড়ি জমিয়েছে। অবদান রেখেছে বিপুল পরিমান রেমিটেন্স অর্জনে।
প্রতি বছর বিশ্বব্যাপী রেমিটেন্সের পরিমান ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ২০ শতাংশ আসে দক্ষিণ এশিয়ায় যার ১২ শতাংশ আসে বাংলাদেশে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশনস (আইওএম) এর ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০০৫ ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
আইওএম ঢাকা অফিসের তথ্যানুসারে বিদেশে গমনকারী ৪৭ দশমিক ৫৭ ভাগ বাংলাদেশী নাগরিকই অদক্ষ যারা কাজের উদ্দেশ্যে গিয়েছে এবং মাত্র চার দশমিক ৫৪ ভাগ লোক রয়েছে যারা দক্ষ।
প্রতিবেদনে বলা হয়, বিদেশে চাকুরীর জন্য পাড়ি জমানোর বেশিরভাগই হচ্ছে অদক্ষ। ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মধ্যে আধা দক্ষ ও অদক্ষ লোকের চেয়ে পেশাদার ও দক্ষ লোকের বিদেশ গমনের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে বিদেশে গমনকারীদের মধ্যে অদক্ষ ও আধাদক্ষ লোকের সংখ্যাই বেশি।
প্রতিবেদনে আরো বলা হয় ২৯ বছরে মোট বিদেশ গমনকারী বাংলাদেশীদের মধ্যে অর্ধেকই পাড়ি জমায় মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। সরকারি হিসাব মতে, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা ২০ লাখ ৭৪ হাজার ৩ শ’ ৬৭ জন, আরব আমিরাতে ৫লাখ ১৮ হাজার ৮ শ’ ১৮ জন, কুয়েতে চার লাখ ১৩ হাজার ৭৭জন, ওমানে দুই লাখ ৩৭ হাজার ৮ শ’ ৭৮ জন।
বিদেশগামীরা শিল্পায়িত পশ্চিমা দেশগুলো থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় গমনে বেশি আকৃষ্ট হয় কেননা সেখানে সল্প মেয়াদী চাকুরীর সুবিধা রয়েছে। প্রবাসীরা তাদের মেয়াদ শেষে আবার বাংলাদেশে ফিরে আসছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় গত ২৯ বছরে আড়াই লাখেরও ওপর বাংলাদেশী শ্রমিক পাড়ি জমায়।
প্রতিবেদন আরো জানায়, বৈদেশিক রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। এর ফলে দেশে কর্মহীনতা কমছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। ২০০৪-০৫ অর্থবছরে বৈদেশিক রেমিটেন্সের পরিমান তিন দশমিক ৮৬৬ বিলিয়ন মার্কিন ডলার যার প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৫ ভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব একেএম সালাউদ্দিন প্রতিবেদন প্রকাশ করেন। ইউনাইটেড ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের জাতীয় তথ্য কর্মকর্তা কাজী আলী রেজা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত সচিব বলেন, বিদেশের বিভিন্ন জেলে বিভিন্ন অপরাধে প্রায় ৫ হাজার বাংলাদেশী কারাবাস করছে।
