২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুমকে হত্যার পর ডিবি পুলিশ বিপাকে

সন্ত্রাসী পরিচয় দিয়ে ‘ক্রসফায়ারের’ নামে ঠান্ডা মাথায় মেধাবী ছাত্র ইকবাল হোসেন মাসুমকে হত্যার পর চরম বেকায়দায় পড়েছে ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিভিন্নভাবে হিসেব মিলিয়ে নিরীহ মাসুমকে বিভিন্ন হত্যা মামলায় আসামি দেখিয়ে ‘ক্রসফায়ার’ জায়েজ করার চেষ্টা করতে গিয়ে তারা বিষয়টি লেজেগোবরে করে ফেলেছে।

ঠান্ডা মাথায় সংগঠিত নৃশংস এই হত্যাকান্ডকে জায়েজ করতে পুলিশের শীর্ষ পর্যায় পর্যন্ত উঠেপড়ে লেগেছে। তাই হত্যাকান্ড নিয়ে দেশব্যাপী নিন্দা ঝড় বইলেও ‘থলের বিড়াল’ বেরিয়ে যাওয়ার ভয়ে ঘটনার চার দিন পরও পুলিশের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন কমিটি তারা গঠন করেননি।

এদিকে নিহত মাসুমের পরিবার যাতে কোন ধরণের মামলা করতে না পারে সেজন্য সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে তাদের পরিবার। প্রতিনিয়ত ডিবি পুলিশের লোকজন তাদের বাসায় যখন তখন প্রবেশ করছে। চলছে জিজ্ঞাসাবাদ। চেষ্টা করছে মাসুমের কোন ক্রাইম রেকর্ড বের করা যায় কিনা।

এলাকাবাসীর অভিযোগ, সাদা পোশাকে ডিবি পুলিশ মোহাম্মদপুর এলাকায় নিহত মাসুমের নামে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশ বিভিন্নভাবে মাসুমের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে বলেও নিহতের কয়েকজন প্রতিবেশী এই প্রতিবেদককে জানান। তারা নৃশংস এই হত্যাকান্ড তদন্তে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন।

নিহত মাসুমের পিতা আবুল খায়ের বিডিনিউজকে বলেন, আমার ছেলেকে যে গুলি করেছে তাকে জিজ্ঞাসা করলেই বেরিয়ে আসবে সব ঘটনা। তারা আমার ছেলেকে কি অপরাধে এবং কার ইশারায় খুন করেছে আামি জানতে চাই। আমার ছেলেকে কি দেখা মাত্রই গুলি করার নির্দেশ ছিলো?

তিনি অভিযোগ করেন, ডিবি পুলিশ এখনও তার ছেলের মোবাইল ফোন, জার্মান ঘড়ি, টাকা কিছুই ফেরত দেয়নি।

এদিকে যে আলমগীরের জবানবন্দীর ভিত্তিতে ডিবি পুলিশ মাসুমকে ‘কুখ্যাত সন্ত্রাসী’ বানিয়ে হত্যা করেছে সেই আলমগীরও তার জবানবন্দিতে মাসুমের নাম বলেনি। আলমগীর এই তিনটি হত্যাকান্ডের সাথে হালিম, রুবেল, কিবরিয়া, আশিক, শাওনের কথা বলেছে।

এদিকে হালিমের এক সাবেক সহযোগী তিনটি হত্যাকান্ড সম্পর্কে বিডিনিউজকে বলে, ডিবি পুলিশ যে মাসুমকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে, সে এগুলোর কোনটার সাথেই যুক্ত ছিলো না। সে আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এএফ রহমান হলের সামনে সংঘটিত জোড়া খুনের পরপরই হালিম মালয়েশিয়া চলে যায়। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে মোহাম্মদপুরের ব্যবসায়ী ইসমাইল ও তার গাড়ির ড্রাইভার ইয়াসিনকে সন্ত্রাসীরা গুলি করে খুন করে। 

ওই বছরেরই ২০ অক্টোবর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার ফেনসিডিল ব্যবসায়ী নান্নুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। নান্নু নিজেই বাদি হয়ে মোহাম্মদপুর থানায় সুজন, রনি, আশিক ও মাসুদকে আসামি করে মামলা করে। এই মামলায় কোথাও মাসুমের নাম না থাকলেও ডিবি বারবার মাসুমকে মামলার আসামি বানানোর চেষ্টা করছে।

এই মামলারই অন্যতম এক আসামি (নিজেকে নির্দোষ দাবি করে) বিডিনিউজকে জানায়, ওই ঘটনায় মাসুম নামের কোন ছেলে জড়িত ছিলো না।

গতকাল শেরশাহ সুরি এলাকা ঘুরে জানা যায়, মাসুম এলাকায় ভদ্র ও নিরীহ ছেলে হিসেবে পরিচিত ছিলো। এলাকায় তার নামে কোন ধরণের অভিযোগ কেউ কোনো দিন শোনেনি। এমনকি থানায়ও তার বিরুদ্ধে কোন মামলা বা জিডিও নেই। তাহলে কারা ষড়যন্ত্র করে নৃশংসভাবে মাসুমকে সন্ত্রাসী বানিয়ে ‘ক্রসফায়ার’ এর নামে হত্যা করলো? এই প্রশ্ন এলাকাবাসীর।