গত ৩ মাসে দেশে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে
এপ্রিল থেকে জুন এই তিনমাসে দেশে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে।
ম্যাস-লাইন মিডিয়ার সেন্টারের (এমএমসি) নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্যকেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল-জুন মাসে বিভিন্ন বিষয়ে নারী নির্যাতনের হার পূর্ববর্তী তিনমাসের তুলনায় বেড়েছে। গত এপ্রিল-জুন সময়ে প্রতিদিন গড়ে প্রায় নয়জন নারী নিহত হয়েছে এবং এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জন নারী কোন না কোন নির্যাতনের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে নারীর মানবাধিকার লঙ্ঘনের ২০৫২টি সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলেও তার বিপরীতে মামলা হয়েছে ছয়শ’ ৩৫টি এবং গ্রেপ্তারের সংখ্যা চারশ’ ৭১। বিভিন্ন ঘটনার শিকার ১৯৭০ জন নারীর মধ্যে সাতশ’ ৯২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে সাতশ’ ৬৬ জন।
দেশের ১২ টি জাতীয় দৈনিকসহ বিভিন্ন জেলা থেকে প্রকাশিত মোট একশ’ ৯৫টি পত্রিকায় প্রকাশিত নারী ও শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা সংগ্রহ করে তার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত নারী নির্যাতনের ক্যাটাগরিভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন মাসে সবচেয়ে বেশি ধর্ষণ ও ধর্ষণজনিত হত্যার ঘটনা ঘটেছে এবং এ ধরনের অপরাধের সংখ্যা তিনশ’ ৬১ টি। অথচ জানুয়ারি-মার্চ সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে দুইশ’ ৯১ টি।
এদিকে এ সময়ে একশ’ তিনটি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে এর সংখ্যা একশ’ চারজন।
সারা দেশে এ সময়ে একশ’ ৪৩ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে অন্যান্য নারী নির্যাতনের ক্ষেত্র হিসেবে এসিড নিক্ষেপ, তালাক ও আত্মহত্যার বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
