২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় আবারও খাবার সরবরাহ বন্ধের উপক্রম

ঢাকা চিড়িয়াখানায় পশু - পাখির খাবার সরবরাহকারি নয়টি ঠিকাদার প্রতিষ্ঠানের বকেয়া এক কোটি ৩৫ লাখ টাকা সময়মতো পরিশোধ না হওয়ায় আবারও খাবার সরবরাহ বন্ধের উপক্রম হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বকেয়া পাওনার দাবিতে গত ৫ জুন খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছিলো ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ৩০ ঘন্টা পশু - পাখিগুলো অভুক্ত ছিলো। এ প্রেক্ষিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে ১৬ জুন পর্যন্ত সময় নেয়। ওই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ১৭ জুন থেকে খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার কথা ছিলো।

চিড়িয়াখানা সূত্র জানিয়েছে, অর্থ বছরের শেষ সময় -- এ কথা বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরে আরো কিছু দিন সময় নেয়। কিন্তু এখনো বকেয়া শোধ না হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আবারও খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।

চিড়িয়াখানায় খাবার সরবরাহকারি একটি প্রতিষ্ঠানের কর্ণধার বিডিনিউজকে বলেন, আমরা আর কতো নিজেদের পুঁজি থেকে খাবার সরবরাহ করবো। বকেয়া পরিশোধ করা না হলে আমরা ‘অমানবিক’ সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে বলেন, বাজেটের টাকা ছাড় হতে কিছুটা সময় লাগে। আমরা বলছি না যে তাদের বকেয়া দেয়া হবে না। যথা শিঘ্র সম্ভব আমরা ঠিকাদারদের বকেয়া শোধ করবো।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৬ / ১৭ জুলাইয়ের মধ্যে বকেয়া পরিশোধ করা সম্ভব হবে।