শিল্পপতি আলম হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে ৩১ জুলাই ধার্য করা হয়েছে
সকল সাক্ষ্য পর্যালোচনা করে রায় প্রস্তুত করা সম্ভব হয়নি মন্তব্য করে শিল্পপতি আলম ও তার গৃহপরিচারিকা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে ৩১ জুলাই ধার্য করেছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ।
সোমবার এ মামলার রায় ঘোষণার ধার্য দিনে মামলার বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে সকাল ১১টায় বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন।
এদিকে মামলার রায় পেছানো নিয়ে আদালত পাড়ায় বেশ কয়েকজন আইনজীবী ও আদালত কর্র্র্মচারী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ছয় মাস ধরে এ মামলার যুক্তি তর্ক গ্রহণ করা হয়েছে, যা নজিরবিহীন। মামলাটির যুক্তি তর্ক চলাকালে অন্য কোনও মামলারই কোনও গুরুত্বপূর্ণ শুনানি এ আদালত গ্রহণ করেননি। প্রচুর সময় পাওয়ার পরও সাক্ষ্য পর্যালোচনা করে রায় কেন দেয়া যাচ্ছে না, তা রহস্যজনক। তারা এ প্রতিবেদকের কাছে মন্তব্য করেন, পরবর্তী ধার্য তারিখে এ মামলার রায় দেওয়া যাবে কিনা, তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে।
স্পর্শকাতর এ মামলাটি রাষ্ট্রপক্ষে কে পরিচালনা করবেন, এ নিয়ে ঢাকার ১নং দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটরের সাথে মহানগর পাবলিক প্রসিকিউটর এবং অন্যদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিভিন্ন প্রত্রিকায় এনিয়ে সংবাদও প্রকাশিত হয়। প্রথমে এ মামলাটির বিচার শুরু হয় বিচারপতি শাহেদ নূর উদ্দিনের ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পরে বিভিন্ন বিপত্তির কারণে আইনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বাক্ষ্যগ্রহণ শেষ করা যায়নি বলে ঢাকার দ্বিতীয় অতিরক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্যে বদলি করা হয়।
২০০২ সালের ১ জানুয়ারি রাতে রাজধানীর জুরাইনের শিল্পপতি, ব্যবসায়ী মোহাম্মদ আলম এবং তার গৃহপরিচারিকা রহিমা, সখিনা ও কমলা খুন হয়। তখন তার বাসা থেকে কয়েক কোটি টাকা, সোনার গয়না এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। ঘটনার পরদিন নিহত আলমের জামাতা, বর্তমান মামলাটির আসামি মতিন বাদি হয়ে শ্যামপুর থানায় একটি মামলা করে। পুলিশ সন্দেহ করে আলমের দুই ছেলেকে গ্রেফতার করে।
পরে সিআইডি মামলার তদন্তভার নেওয়ার পর আসামি গৃহপরিচারিকা ফরিদাকে গ্রেফতার করলে সে স্বীকার করে, আলমের দুই জামাতা এ হত্যার মূল পরিকল্পনাকারী। পরে অন্য আসামিরাও আদালতে স্বীকারোক্তি দেয়। সোমবার এ মামলার মোট ১৯ আসামির মধ্যে জামাতা মতিন, জামাতা বাবুসহ ১৫ আটক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মতিন ও বাবুৃর ফাঁসির দাবিতে নিহত আলমের পক্ষে আদালত প্রাঙ্গণের বাইরে রাস্তায় মিছিল ও সমাবেশ করা হয়। ফাঁসির দাবিতে ঢাকার মহানগর দায়েরা জজ আদালতের বারান্দায় পোস্টারও লাগানো হয়।
