নিয়মানুযায়ী পণ্য উৎপাদন ও বিক্রি না করায় শতাধিক ব্যক্তির শাস্তি
নিয়মানুযায়ী পণ্য উৎপাদন ও বিক্রি না করায় রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের শাস্তি ও জরিমানা করা হয়েছে।
বিএসটিআই‘র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, ওজন ও পরিমাণে কম দেওয়া এবং নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে দুটি ভ্রাম্যমান আদালত থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।
গত এপ্রিল মাস থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের দ্বারা পরিচালিত এ অভিযানে কোকোলা ফুড প্রেডাক্টস, মৌসুমী ফুড প্রোডাক্টস, তীর মার্কা সয়াবিন, সরিষার তেল, আটা-ময়দা-সুজির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিটি গ্রæপ অব ইন্ড্রাস্টিজ, বনফুল মিষ্টি, সায়হাম সুইটস, আম্বালা সুইটস’সহ নাবিস্কো বিস্কুট কোম্পানির বিভিন্ন পন্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। ‘দি স্ট্যান্ডার্স অব ওয়েটস এ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২‘ এর ২৮ ও ৪৫ ধারা, ‘বাংলাদেশ স্ট্যান্ডার্স টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ ১৯৮৫‘ এর ২৪ ও ৩১ (ক) ধারায় অভিযুক্তদের এসব জরিমানা করা হয়। ধার্যকৃত এসব জরিমানা পরিশোধ করা না হলে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের কথাও আদেশে বলা হয়েছে।
গত২৮ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ দৌলা সূত্রাপুরের ডিস্টিলারি রোডে অভিযান চালিয়ে দেখতে পান, সিটি ভেজিটেবল ওয়েল মিলস’র তীর মার্কা সয়াবিন ও সরিষার তেল, আটা-ময়দার প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই। তিনি এ ব্যাপারে সিটি গ্রæপের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ওই একই দিনে বিএসটিআই‘র লাইসেন্স ছাড়াই পন্য উৎপাদনের কারণে মৌসুমী ফুড প্রোডাক্টস’র ফুজি নুডুলস’র একজন কর্মকর্তার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এর আগের দিনে একই কারণে তেজগাঁও শহীদ তাজউদ্দিন স্মরণীতে অবস্থিত নাবিস্কো বিস্কুট এ্যান্ড ব্রেড ফ্যাক্টরির কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হক বিস্কুট প্রস্তুতকর্তা হক ব্রাদার্স এন্ড ইন্ড্রাস্টিজের জেনারল ম্যানেজার এটিএম সেলিমুজ্জামানকেও একই কারণে একই পরিমাণ জরিমানা করা হয়।
গ্রীন রোডের প্রখ্যাত মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের জেনারেল ম্যানেজার জামসেদ উদ্দিনকে বিস্কুট, পাউরুটি ও মিষ্টির প্যাকেটে লেবেল না লাগানো, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার অপরাধে ২৫ জুন জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
এদিকে, ২৬ জুন ওজন কম দেওয়ার কারণে আম্বালা, মুসলিম, সায়হাম, সুইটসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলা এপ্রিল, মে জুন এই তিন মাসে মোট ৬৮টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ছয় লাখ চার হাজার টাকা জরিমানা করেন। এরমধ্যে হাতে হাতেই পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, একই আদালত কাওরান বাজার, মিরপুর শাহ আলী মার্কেট, সেকশন বাজার-হাজারিবাগ, মহাখালী কাঁচাবাজার পল্লবীর কালসি বাজারসহ কয়েকটি আমের আড়তে কার্বাইড দিয়ে আম পাকানোর অপরাধে বিভিন্ন ফল ব্যবসায়ী ও কর্মচারিকে বিভিন্ন মেয়াদের সশ্রম-বিনাশ্রম কারাদণ্ড ও সেই সাথে জরিমানা করে বলে জানা গেছে।
