২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতাসহ ৩ সন্ত্রাসী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে রোববার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে চরমপন্থী নেতাসহ তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 12:26 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিহতরা হল-মোহাম্মদ আলী (৩৫),  আদিল (৩০) ও ইউসুফ (৩৩)।

রোববার রাত পৌনে ২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় চরমপন্থীদের গুলিতে কুমারখালী থানার এস আই ওয়াহিদুল এবং  পুলিশের দুই সদস্য রেফায়েত ও মাহবুব আহত হয়েছে।

পুলিশ সূত্র জানায়,  রোববার বিকেলে কুমারখালীর বাকশি সাতপাখিয়া গ্রামে সংগঠনের গোপন বৈঠক করার সময় থানা পুলিশ অভিযান চালিয়ে গণমুক্তি ফৌজের আঞ্চলিক নেতা টিক্কা বাহিনীর সেকেন্ড ইন-কামান্ড মোহাম্মদ আলী ও অপর দুই ক্যাডার আদিল এবং ইউসুফকে একটি বেটাগান, একটি কাটারাইফেল এবং অর্ধশত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।

পরে থানায় এনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ভাণ্ডার ও বাহিনী ক্যাডারদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ  রাতেই অভিযানে নামে।

রাত পৌনে ২ টার দিকে পুলিশ তাদের নিয়ে  উপজেলার বেতবাড়িয়া গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ শুরু হয়।

এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশ হেফাজত থেকে পালানোর সময় পুলিশের ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তিন চরমপন্থী নিহত হয়। পুলিশ ৮০ রাউন্ড গুলি করার কথা স্বীকার করেছে।

পুলিশ বলছে, নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে চারটি, আদিল ও ইউসুফের বিরুদ্ধে তিনটি করে হত্যা মামালাসহ প্রত্যেকের বিরুদ্ধে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।