২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের শিবচরে ২ হাজার ছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত

ছাত্রী উপবৃত্তি প্রদানে কঠোর নীতিমালার কারণে এ বছর মাদারীপুর জেলার শিবচরের প্রায় দু’হাজার ছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ফলে ওই সকল ছাত্রীদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপবৃত্তি বঞ্চিত এক হাজার আট শ’ ৪৮ জন ছাত্রীর মোট আট লাখ ২৯ হাজার পাঁচ শ’ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে।

শিবচর উপজেলা মাধ্যমিক অফিস সূত্র জানায়, ২০০৫ সালের প্রথম কিস্তির উপবৃত্তির জন্য মোট ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪০ টি স্কুল এবং ১৬ টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে মোট ছয় হাজার সাত শ’ জন ছাত্রী যোগ্য বলে বিবেচিত হয়। এদের ১৭ লাখ ৭৭ হাজার ১শ’ ৫০ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এ ছাড়া টিউশন ফি বাবদ ছয় লাখ ৫৯ হাজার ছয় শ’ টাকাসহ মোট ২৪ লাখ ৩৬ হাজার সাত শ’ টাকা বিতরণ করা হয়।

এ বছর ছাত্রী উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে ছাত্রীদের শতকরা ৭৫ দিন উপস্থিতি, পরীক্ষায় শতকরা ৪৫ নম্বর পাওয়া ও বিবাহিত ছাত্রীদের সনাক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু গত বছরে ছাত্রী উপবৃত্তির এ নীতিমালা কঠোরভাবে মানা হয়নি। এ কারণে গত কয়েক বছরের তুলনায় এবার বেশি সংখ্যক ছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান খান দাবি করেন।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কয়েকটি স্কুলে অনেক ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে এবং কাঙ্খিত নম্বর পেয়েও অজ্ঞাত কারণে উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান খান বিডিনিউজকে জানান, প্রথম সাময়িকী পরীক্ষা চলাকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল, মাদ্রাসাগুলোতে যাওয়া সম্ভব হয়নি। তবে দ্বিতীয় সাময়িকী পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের নীতিমালা মেনে চলার জন্য বলা হবে বলে তিনি আশ্বাস দেন।