সৌদিআরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশী শ্রমিক নিহত
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নগরী তায়েফের একটি ফার্নিচার ওয়্যার হাউজে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশী ও একজন ইয়েমেনী শ্রমিক নিহত হয়েছে।
সৌদিআরবে বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম ইকরামুল হক বিডিনিউজকে বলেন, ভাগ্যাহত শ্রমিকরা ওয়্যার হাউজের তালাবদ্ধ ঘরে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা যায়।
নিহত বাংলাদেশীরা হল- নোয়াখালী জেলার আব্দুর রউফ ও ডালিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার নাসের, কুমিল্লা জেলার লাকসামের নিজাম উদ্দিন, লক্ষ্মীপুরের নাসের, ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিনা গ্রামের শফি মিস্ত্রির ছেলে নুরুন্নবী, নড়াইল জেলার খাসিয়ালের শহীদ সিকদারের ছেলে রফিক।
তাদের মৃতদেহ তায়েফের কিং ফয়সল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভাগ্যাহত এই শ্রমিকরা ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বাস করতো। এ ঘরটিতে কোনও জানালা ছিল না। অগ্নিকাণ্ডের সময় তারা ঘুমিয়ে ছিল। ঘরটি তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেনি।
ভাগ্যাহত শ্রমিকরা কায়সার আল ফাদি নামে একটি কোম্পানিতে কাজ করত। পুলিশ কোম্পানির মালিককে আটক করেছে বলে বাংলাদেশী রাষ্ট্রদূত জানিয়েছেন।
রাষ্ট্রদূত ইকরামুল হক বিডিনিউজকে টেলিফোনে জানান, বাংলাদেশী শ্রমিকরা ওয়্যার হাউজটিতে কাঠ মিস্ত্রির কাজ করত।
সৌদি সংবাদপত্র আল-হায়াত একজন সিভিল ডিফেন্স কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, শ্রমিকদের প্রতি অবহেলা এবং ছোট্ট রুমটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
জেদ্দার কনস্যুল জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা হাসপাতালে যান এবং মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো দেশে পাঠানো হবে।
