প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় ৩ যুবক ধৃত
নগরীর তুরাগ থানার আশুলিয়া রোডের পাশ থেকে রোববার একটি ছাগল চুরি করে প্রাইভেট কারে নিয়ে পালানোর সময় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
এসময় পুলিশ ছাগল ও গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১৫৪৭৪৭) আটক করে।
অভিযুক্ত ছাগল চোররা হচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুর থানার মোহাম্মদ ভাসানী (২৫), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসানদীর রুহুল আমিন (২০) ও গাড়ির চালক শরিয়তপুরের জাজিরা উপজেলার কলকাঠির তাসিব আলী (২১)।
ছাগলটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ছাগলের মালিকের সন্ধান পাওয়া যায়নি।
