প্রধানমন্ত্রী সোমবার জাপান যাচ্ছেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরও বেশি বিনিয়োগ আকর্ষনের লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। তবে জাতিসংঘের জন্য জাপানের খসড়া প্রস্তাবনার রুপরেখা প্রশ্নে বাংলাদেশ জাপানের কো-স্পন্সর হবে কিনা, ক’টনৈতিকভাবে এ ব্যপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
রোববার পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন জাপান সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, এটি একক লক্ষ্যের কোনও সফর নয়। সফরকালে অর্থনৈতিক, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূ নিযেও আলোচনা হবে। আমরা তাদের অবস্থানের ব্যাপারে সচেতন।
চলতি বছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র বিষয়ক জাপানী ভাইস মিনিস্টার ইচিরো আইসাওয়া বাংলাদেশ সফরকালে জাতিসংঘ সংক্রান্ত খসড়া প্রস্তাবনার ব্যাপারে জাপানের কো-স্পন্সর হিসেবে বাংলাদেশকে চান। সে সময় বাংলাদেশ জাপানের প্রস্তাব পরীক্ষা করে দেখবে বলে জানায়।
তবে পররাষ্ট্র সচিব বাংলাদেশ জাপানের কো-স্পন্সর হবে কিনা, এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান। তবে নিরাপত্তা পরিষদে জাপানের সদস্যপদের জন্য বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী জাপান সফরকালে ১৪ জুলাই জাপানী প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পরের দিন শুক্রবার প্রধানমন্ত্রী সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাতের জন্য রাজ প্রাসাদে যাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি বক্তৃতাও দেবেন প্রধানমন্ত্রী। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ‘জাইকা’ ও ‘জেটরো’ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব বলেন, আনুষ্ঠানিক বৈঠককালে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন বিষয়ে সহযোগিতা, অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যু, দক্ষিণ এশিয়ায় উন্নয়ন এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, এখন যেহেতু বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষনীয় গন্তব্যে পরিণত হয়েছে, তাই প্রধানমন্ত্রী জাপানী বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানাবেন।
সফরকালে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অর্গানাইজশন ( জেআইটিসিও) এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।
চুক্তি অনুযায়ী, জেআইটিসিও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৬০ টি ফ্যাকাল্টিতে জনশক্তি প্রশিক্ষণ দেবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশী প্রশিক্ষণার্থীরা এক বছরের প্রশিক্ষণে যাবেন। যা পরবর্তীতে আরও দুই বছর সম্প্রসারণ করা হতে পারে।
পররাষ্ট্র সচিব বলেন, এটি জনশক্তি রপ্তানি বিষয়ক কোন চুক্তি নয়। এই চুক্তি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায্য করবে। এছাড়া আমরা আরও কিছু বিষয়ে চুক্তি স্বাক্ষরের আশা করছি, যা আলোচনাধীন রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরকালে তারা পদ্মা সেতু নিয়েও আলোচনা করবেন। প্রধানমন্ত্রী টোকিওতে একটি স্থায়ী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তিনি ৩৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ব্যবসায়ী প্রতিনিধিরাও থাকবেন।
অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী, জ্বালানী মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী ভাইস চেয়ারম্যান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব এবং ইআরডি সচিব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
প্রধানমন্ত্রী ১৫ জুলাই দেশে ফিরবেন।
