২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শিল্পপতি আলম হত্যামামলার রায়

বহুল আলোচিত শিল্পপতি মোহাম্মদ আলম ও তার তিন গৃহপরিচারিকা হত্যামামলার রায় সোমবার ঘোষণা করা হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

২০০২ সালের ১ জানুয়ারি রাজধানীর জুরাইনের বাসায় শিল্পপতি আলম ও তার তিন গৃহপরিচারিকা রহিমা, সখিনা ও কমলাকে নির্মমভাবে হত্যা করে। সে সময় হত্যাকারীরা তার বাসা থেকে কয়েক কোটি টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ঘটনার পরের দিন আলমের জামাই মতিন বাদি হয়ে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আলমের দুই ছেলেকে গ্রেফতার করে।

সিআইডি পুলিশ এ মামলার তদন্তভার নেওয়ার পর গৃহপরিচারিকা ফরিদাকে গ্রেফতার করা হলে সে স্বীকার করে যে, আলমের দুই জামাই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। পরে অন্য আসামিরাও আদালতে স্বীকারোক্তি প্রদান করে।

২০০২ সালের ২০ জুলাই আলমের দুই জামাইসহ ১০ জনকে আসামি করে আরেকটি হত্যামামলা দায়ের করা হয়। ২০০৪ সালের ৯ আগস্ট ১৯ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হচ্ছে, মতিউর রহমান ওরফে জামাই মতিন, মোহাম্মদ আলী ওরফে জামাই বাবু, কবির, সোহাগ ব্যাপারী, সোহেল, ইউসুফ মিয়া, লতিফ খান, জাহানারা বেগম, ফরিদা, হাজী রফিজুদ্দিন খান, শিউলি আক্তার, বরকত আলী বাচ্চু, আবদুর রহমান, আসমা রহমান, রেহেনা পারভীন, বাবুল, আল আমিন, দুলাল ও আলাউদ্দিন। এদের মধ্যে বাবুল, আল আমিন, দুলাল, আলাউদ্দিন পলাতক এবং অন্যরা কারাগারে আটক রয়েছে।  

২০০৪ সালের ২০ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার আদালত-১ এ মামলার চার্জ গঠন করে। কিন্তু ওই আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে না পারায় বিচারের জন্য মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলায় মোট ১৩৩ সাক্ষীর মধ্যে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।