আ. লীগ নিজেদের মতো একটি তত্বাবধায়ক সরকার পদ্ধতি চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বেগম খালেদা জিয়া প্রধান বিরোধী দল আওয়ামী লীগের তত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার দাবির তীব্র সমালোচনা করে বলেছেন, দলটি আসলে তাদের নিজেদের মতো একটি তত্বাবধায়ক সরকার পদ্ধতি চায়।
তিনি বলেন, তারা যখন সরকারে ছিল, তখন তত্বাবধায়ক সরকার পদ্ধতি ভাল ছিল। আর যখন তারা নির্বাচনে পরাজিত হয়েছে, তখন ওটা খারাপ হয়ে গেছে। আওয়ামী যে তত্বাবধায়ক সরকার চায়, সেটা হলো - আওয়ামী লীগের জন্য তত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগের তত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগের গঠিত তত্বাবধায়ক সরকার।
রোববার অষ্টম জাতীয় সংসদের ১৭তম (বাজেট) অধিবেশনের সমাপনি দিবসের ভাষণে তিনি একথা বলেন।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন আওয়ামী লীগ একটি সাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পায়। অথচ আওয়ামী লীগই একটি দল, যারা অসাংবিধানিক সরকারের অধীনেও নির্বাচনে অংশ নিয়েছিলো।
তিনি আওয়ামী লীগকে একটি অগণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, তারা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়।
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের উন্নয়ন ব্যাহত ও ধ্বংসের অভিযোগ করে সংসদ নেতা খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের সময় অবৈধ ও নীতিবহির্ভূতভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যেগুলো এখন তারা ব্যবহার করছে। অথচ সরকারের গঠিত র্যাব, চিতা ও কোবরার মতো বাহিনী গঠন করায় এখন দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী এক সময় ৩০০ জন জয়নাল হাজারির দরকার বলে প্রচার করেছিলো। এখন তারা জয়নাল হাজারিকে সন্ত্রাসের অভিযোগে বহিস্কার করেছে। জয়নাল হাজারিকে বহিস্কারই প্রমাণ করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সন্ত্রাসকে মদদ দিয়েছে। দেশের মানুষ সন্ত্রাসের কারণেই তাদের প্রত্যাখ্যান করেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সরকার পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন খাতে ভর্তূকি দিয়ে চলেছে। কৃষকরা যদি তাদের উৎপাদিত পণ্যের দাম না পায়, তাহলে তারা কেন উৎপাদন করবে। এ বছর কৃষকরা তাদের উৎপাদিত পাট ও চালের দাম পেয়েছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এমন কোনো দাম বাড়েনি। কিছুটা বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। অহেতুক পত্র - পত্রিকাগুলো এটা নিয়ে লেখালেখি করছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যদি বাড়ে, মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়, তবে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
দেশে - বিদেশে বিরোধী দলের প্রচার - প্রচারণার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল দেশের বাইরে গিয়ে দেশকে একটি মৌলবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র বলে প্রচার করার চেষ্টা করছে। তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার করে বেড়াচ্ছে। অথচ বর্তমান সরকার আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেশে - বিদেশে ষড়যন্ত্র চলছে। তারা বিদেশে গিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতা না করার জন্য প্রচার করে বেড়াচ্ছে। অথচ কয়েকদিন আগেও তারা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালে তারা দেশকে দূর্ভিক্ষ, সন্ত্রাস, দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। স্বাধীনতার পর ক্ষমতায় এসেও তারা একই অবস্থায় দেশ চালিয়েছে। তাদের সময় দেশের কোনো উন্নয়নই হয়নি। তারা দেশকে শুধু ব্যর্থতা উপহার দিয়েছে।
সংসদ নেতা বলেন, তারা দেশকে অকার্যকর বলে প্রচার করছে। যারা দেশের উন্নয়ন ব্যাহত করে দেশকে অকার্যকর করতে চায়, তারাই এমন প্রচার করছে। অন্যের সাহায্য নিয়ে কথার রাজনীতি যারা করে, তাদের তো উন্নয়ন ভালো লাগার কথা নয়। তাই তারা দেশকে অকার্যকর করতে চায়। দেশকে অকার্যকর করতে গিয়ে তারা নিজেরাই অকার্যকর হয়ে গেছে।
খালেদা জিয়া বলেন, কথায় কথায় দেশের মানুষ এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দেয়। বর্তমান সরকার যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচেছ, তাতে এক বছরের মধ্যে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। এভাবে এগিয়ে গেলে আর মালয়েশিয়া বা সিঙ্গাপুরের উদাহরণ দিতে হবে না। বাংলাদেশও অচিরেই সিঙ্গাপুরের মতো হয়ে যাবে।
তিনি বাজেট অধিবেশনে বিরোধী দলের যোগদান না করার সমালোচনা করে বলেন, তারা বাইরে থেকে বাজেটের সমালোচনা করছে। অথচ তাদের কোনো বক্তব্য থাকলে তারা সংসদে এসে বলতে পারতো, আলোচনা করতে পারতো। তাদের কোনো ভালো প্রস্তাব থাকলে আমরা তা নিতেও পারতাম।
প্রধান বিরোধী দলকে সংসদে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সংসদ নেতা খালেদা জিয়া বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। বর্তমান সরকার আমলে অনেক উন্নয়ন হয়েছে, তবে আরও অনেক কাজ বাকি আছে। আসুন একসাথে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
