২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্যে ১৪ মিনিট পর সংসদে মাগরিবের আযান

প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্যে জাতীয় সংসদের মসজিদে নির্ধারিত সময়ের ১৪ মিনিট পর মাগরিবের আযান দেওয়া হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অষ্টম জাতীয় সংসদের ১৭তম (বাজেট) অধিবেশনের সমাপনি দিনে তার বক্তব্য শুরু করেন।

এর আগে স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে দুটি বিল পাস হয়। বিল পাসের পর শুরু হয় আসর নামাজের বিরতি। বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে সমাপনী বক্তব্য রাখেন জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী।

চলতি অধিবেশনের প্রতিটি কার্যদিবসে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে মাগরিব’র নামাজের বিরতি শুরু হয়। রোববার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে বিরতির সময়ও প্রধানমন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি তার বক্তব্য শেষ করেন ৭টা ৭ মিনিটে।

তার বক্তব্য চলাকালে স্পীকার বৈঠক অব্যাহত রাখেন। পরে স্পীকার মাগরিবের নামাজের জন্যে তার সমাপনী বক্তব্যের কিছু অংশ টেবিলে উপস্থাপন করেন।

সন্ধ্যা ৭টা ১১ মিনিটে স্পীকার সংসদের ১৭তম অধিবেশনের সমাপনি সংক্রান্ত রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি পাঠ করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এরপর ৭টা ১২ মিনিটে সংসদের মসজিদে মাগরিব’র নামাজের আযান দেওয়া হয়।