রাজশাহীতে ডাকাতিকালে ট্রাক খাদে পড়ে নিহত ২
রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি নামক স্থানে শনিবার রাতে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি করার সময় ট্রাক খাদে পড়ে দু’জন আম ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের চান্দাইকোনার আবদুর রশিদ (৪২) ও বগুড়ার শিবগঞ্জের তৌহিদ (৩২)। আহতদের মধ্যে পাবনার কুলবুনিয়া এলাকার এমরান আলীর (৩৮) অবস্থা আশংকাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাকযোগে ১০/১৫ জন আম ব্যবসায়ী ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে রাজশাহী মহানগরীর খড়খড়ি নামক স্থানে একদল ডাকাত সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। চালক ট্রাকটিকে পাশ কাটিয়ে নিতে গেলে ট্রাকটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনা কবলিত ট্রাকের যাত্রী আহত আম ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে ডাকাত দল পালিয়ে যায়। ব্যবসায়ীরা জানান, ডাকাতরা সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা লুটে নেয়।
এ ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষে শফিকুল ইসলাম বাদি হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
