গুলশান উত্তরায় ৮ তলা বাণিজ্যিক ভবন নির্মানে সরকারি অনুমোদন হাইকোর্টে স্থগিত
গুলশান ও উত্তরা আবাসিক এলাকায় আট তলা বাণিজ্যিক ভবন নির্মানের অনুমোদন দিয়ে সরকার যে নোটিশ দিয়েছে হাইকোর্ট রোবাবার তা স্থগিত করেছেন।
সরকারের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে দায়ের করা গুলশানের একটি জমির মালিক শিরিন শীলার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চ একই সাথে সরকারের দেয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানো নোটিশ জারি করেছেন।
বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ২০০৪ সালের ২০ সেপ্টেম্বর গুলশান ও উত্তরার জমির মালিকদের আট তলা বাণিজ্যিক ভবন নির্মানের অনুমোদন দিয়ে একটি নোটিশ প্রদান করে।
রিট আবেদনে শিরিন শীলা উল্লেখ করেন যে, গুলশান ও উত্তরা আবাসিক এলাকায় আট তলা বাণিজ্যিক ভবন নির্মান করা হলে আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠা এ এলাকার ধারনার পরিবর্তন হয়ে যাবে।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ড. এম জহির। অপরদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান।
