বাগেরহাটে ড. ইউনুসসহ গ্রামীণ ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলা, তদন্ত শুরু
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুস সহ বিভিন্ন পর্যায়ের ৭ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনে বাগেরহাট আমলী আদালতে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ফকিরহাট শাখার আট্টাকী কেন্দ্রের লোপা বেগম নামের একজন পল্লী ফোন গ্রাহক এই মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা সমবায় অফিসারকে বাদীর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনুস ছাড়া অভিযুক্ত অপর আসামীরা হচ্ছেন, গ্রামীণ ব্যাংকের অঞ্চল ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) আনসারুজ্জামান, ফকিরহাট শাখার ব্যবস্থাপক মো.হুমায়ুন কবীর, ওই শাখার বর্তমান ইউনিট ম্যানেজার প্রবীর কুমার বিশ্বাস, সাবেক ইউনিট ম্যানেজার নিতাই চন্দ্র নাথ, মাঠ কর্মকর্তা এস.এম.আব্দুল মান্নান এবং গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (বিলিং)।
মামলায় অভিযোগ করা হয়, বাদিনী লোপা বেগমের ক্ষেত্রে গ্রামীণ টেলিকম ম্যানুয়ালের বিভিন্ন শর্তভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে।
বাগেরহাটের জেলা সমবায় অফিসার মো. নূরুজ্জামান জানান, তিনি আদালতের মাধ্যমে গত ৭ জুলাই বৃহস্পতিবার মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এবং তদন্তকাজ শুরু করেছেন।
