কুড়িগ্রাম ‘বাঁশ-ঘাস’ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি
কুড়িগ্রামে এলজিইডির পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘বাঁশ-ঘাস’ কর্মসূচির উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
বৃষ্টির কারণে রাস্তার মাটির ধ্বস ঠেকাতে বাঁশ ঘাস লাগানোর ব্যতিক্রমী এ কর্মসূচি নেওয়া হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে তা মুখ থুবড়ে পড়েছে।
জানা গেছে, দাতাসংস্থা ইফাদের আর্থিক সহায়তায় ২০০৪-০৫ অর্থবছরে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে দাঁতভাঙ্গা-রৌমারী ভায়া রাজিবপুর উপজেলায় প্রায় ২২ কিলোমিটার রাস্তায় ‘বাঁশ-ঘাস’ লাগানোর কর্মসূচি হাতে নেয়া হয়।
এলাকাবাসী জানায়, বাস্তবে এর সুফল মিলছে না। গত কয়েকদিনে প্রবল বর্ষণে রাস্তার মাটি ধসে পড়ায় প্রায় ২শ’টির মত খানা খন্দকের সৃষ্টি হয়েছে। আর এর ফলে বাস-ট্রাক ও টেম্পোসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আসন্ন বর্ষায় রাস্তাটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে।
অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম এলজিইডি কর্মকর্তারা ‘বাঁশ-ঘাস’ প্রকল্পের কাজ দায়সারাভাবে সম্পন্ন করে পুরো টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সমাজের গণমান্য ব্যক্তিবর্গ এবং রৌমারী উন্নয়ন প্রক্রিয়া সেল নামে একটি সংগঠন প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে। এ ব্যাপারে রৌমারী উপজেলা প্রকৌশলী নুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রকল্পের কাজ এখনও চলছে।
