ভূমি রেজিস্ট্রেশন আইনের সংশোধনী নিয়ে হাইকোর্টের চ্যালেঞ্জ
ভূমি রেজিস্ট্রেশন আইনের সংশোধনীর কয়েকটি ধারা কেন অবৈধ ঘোষনা করা হবে না, আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভূমি রেজিস্ট্রেশন আইন ও ভূমি হস্তান্তর আইনের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একে নুর মোহাম্মদের দায়ের করা এক রীট আবেদনের শুনানি শেষে শনিবার বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে পাস হওয়া ভূমি রেজিস্ট্রেশন আইনের সংশোধনী গত ১ জুলাই কার্যকর হওয়ার হওয়ার নয়দিনের মধ্যে হাইকোর্ট এ নির্দেশ দিয়েছে।
আবেদনকারি পিটিশনে উল্লেখ করেন, নতুন আইনের ১৭(১) ধারায় বাটোয়ারার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। যা কোরআন ও সুন্নাহ তথা মুসলিম আইনের পরিপন্থী।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মীর মাহফুজুর রহমান, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ ও অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম এবং সরকারের পক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।
