নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্য থেকে আরও ৮টি রাইফেল ও ৬০ রাউন্ড বুলেট উদ্ধার
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা শনিবার অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্য থেকে আরও আটটি ১২ বোর রাইফেল এবং ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার আলেক্ষ্যং চড়–ইছড়ি হেডম্যান পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের একটি পরিত্যক্ত আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে খালি ম্যাগজিন এবং বেশকিছু কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, সন্ত্রাসী দমনের উদ্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আউয়াল বীর প্রতীক।
সংশ্লিষ্ট সূত্র মতে, ৬ জুলাই ভোরে এ ধরনের একটি অভিযানে সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা এক বস্তা ও দুই কার্টুন শক্তিশালী টিএনটি বিস্ফোরক ও ২৯০ রাউন্ড বুলেট উদ্ধার করে। ওই অভিযানে আবুল কালাম নামে একজন সন্ত্রাসীকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবারের অভিযানটি পরিচালিত হয়।
