লন্ডনে হামলাকারীদের কোনও ক্ষমা নেই : মোরশেদ খান
লন্ডনে বোমা হামলায় হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র’র কাছে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, আমরা এই জঘন্য হামলা ও সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানাই। যারা এই সন্ত্রাসী তৎপরতা পরিচালনা করেছে মানুষের জীবনের প্রতি তাদের কোনও শ্রদ্ধা নেই। তাদের কোনও ক্ষমা নেই। সভ্য সমাজ থেকে সন্ত্রাসীদের উৎখাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের বিচার করা হবে।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বোমা হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
