এবারের এসএসসি পরীক্ষায় বহিস্কারের হার কমেছে
পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এ বছর এসএসসি পরীক্ষায় বহিস্কারের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
অসদুপায় অবলম্বনের জন্য এ বছর মার্চে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১,৭৪৬ জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে। অন্যদিকে গত বছর এ সংখ্যা ছিল ৩,৪০০ এবং ২০০৩ সালে ছিল ১৩,২০০ জন।
২০০২ সালে বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬,০০০ জন, ২০০১ সালে ৪০,৪০০ ও ২০০০ সালে ৩৮,৪০০ জন।
শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিডিনিউজকে বলেন, আমি মনে করি এটা নকল বিরোধী প্রচারণার সাফল্য। নকল বিরোধী এই প্রচারণা অবশ্যই শিক্ষার মান পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাক্ষেত্রের মূল থেকে সম্পূণভাবে নকল বন্ধ না হওয়া পর্যন্ত নকল বিরোধী প্রচারণা অব্যাহত রাখার কথা ব্যক্ত করে মন্ত্রী এক্ষেত্রে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
তিনি এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও শিক্ষার মান পরিবর্তনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা যদি আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি তাহলে দেশের শিক্ষার দৃশ্যপট অবশ্যই পরিবর্তিত হবে।
এবারের এসএসসি পরীক্ষায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূণ্য তা জানার জন্য মন্ত্রণালয় শিগগিরই পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী জানান।
