ইবি শিক্ষকের বাসভবনে সন্ত্রাসী হামলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারুকুজ্জামানের বাসভবনে শুক্রবার রাত আটটার দিকে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়।
একটি সূত্র জানায়, হামলার সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এবং ওই শিক্ষকের বাসভবনের জানালায় ইট-পাটকেল ছুঁড়ে মারে। সন্ত্রাসীদের হামলায় বাসভবনের জানালা এবং বেশ কিছু আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
হামলার ঘটনায় ফারুকুজ্জামানের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
ফারুকুজ্জামান ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং জিয়া পরিষদ ইবি শাখার সাধারণ সম্পাদক। এ ব্যাপারে ফারুকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ক্যাম্পাসে তার কোনও শত্রু নেই এবং তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
এদিকে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয় এবং গত বুধবার রাতে একই হলে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটে।
উপর্যুপরি এ ঘটনার প্রতিবাদে হলের ছাত্রীরা বুধবার রাতে হল প্রভোস্টের কক্ষে ভাংচুর চালায়।
