অধ্যাপক ড. সিতারা পারভীন স্মরণে ঢাবিতে শোকসভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীন স্মরণে আয়োজিত এক শোকসভায় তার সহপাঠী, সহকর্মী, শিক্ষক এবং সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে শনিবার এ শোকসভায় ড. সিতারা পারভীনের সাথে তাদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকেই অশ্রু ধরে রাখতে পারেননি। ।
অধ্যাপক ড. সিতারা পারভীন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
শোকসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক কাজী আব্দুল মান্নান, অধ্যাপক গীতিয়ারা নাসরীন, সাংবাদিক শাহেদ হোসেন প্রমুখ ।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ড. সিতারা পারভীনের মৃত্যুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অপূরণীয় ক্ষতি হলো।
তিনি বলেন, আমরা যদি তার আদর্শকে ধারণ করে পথ চলতে পারি, তাহলেই তার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হবে।
বেশ কয়েকজন ছাত্রছাত্রী ড. সিতারা পারভীনকে ‘মা’ হিসেবে উল্লেখ করে তার সাথে তাদের স্মৃতি তুলে ধরেন। এদের মধ্যে একজন ড. সিতারার স্মরণে একটি ট্রাস্ট গঠনেরও প্রস্তাব করেন।
ড. সিতারা পারভীন স্মরণে রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে আরেকটি শোকসভা অনুষ্ঠিত হবে। ম্যাস লাইন মিডিয়া সেন্টার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ সভার আয়োজন করতে যাচ্ছে।
